২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে স্কুল শিক্ষকের বাড়িতে অগ্নিসংযোগ, নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার

রাজশাহীর মোহনপুরের স্কুল শিক্ষক সুরঞ্জিতকে সংঘবদ্ধ সন্ত্রাসীরা বেশ কয়েকদিন হুমকী দেওয়ার পর গত রোববার গভীর রাতে তার বাড়িতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 03:05 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

এলাকাবাসী জানান , সুরঞ্জিতের পরিবারের প্রতি এই নির্যাতনের ঘটনার সুত্রপাত ঘটে গত ১৯ মার্চ। সুরঞ্জিত তার কোচিং সেন্টারের শিক্ষার্থীদের দিনাজপুরে নিয়ে যাওয়ার জন্য সড়ক ও জনপথের কার্য সহকারী আমিন উদ্দিনের একটি মাইক্রোবাস ভাড়া করে। মাইক্রোবাসটি আসতে দেরী করায় সুরঞ্জিত সফর বাতিল করে। আমিন ২৪ ঘন্টার ভাড়া দাবী করলে সুরঞ্জিত অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকার করায় আমিন মোহনপুর থানা বাস্তুহারা দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ওরফে আলমের শরণাপন্ন হয়। এরপর সন্ত্রাসীরা তাকে বার বার হুমকী দিয়ে আসছে।

নিরাপত্তার জন্য এসপি ও ডিআইজির সুপারিশ করলেও পুলিশ সুরঞ্জিতের কথায় আমল দেয়নি।

অগ্নি সংযোগের ঘটনায় সুরঞ্জিত বাদী হয়ে আমিনকে প্রধান আসামী করে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন। মোহনপুর থানার ওসির বিরুদ্ধে সন্ত্রাসীদের সহযোগিতা করার গুরুতর অভিযোগ করেছেন সুরঞ্জিতের পরিবার।

সোমবার সকালে সুরঞ্জিত ও তার বাবা থানা থেকে বাড়ীতে ফেরার পথে সন্ত্রাসী উজ্জ্বল ও তার কয়েকজন সহযোগী তাদেরকে অপহরণের চেষ্টা করলে স্থানীয় জনতা উদ্ধার করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। জানা গেছে, এলাকাবাসী আলম বাহিনীর গ্রেফতার ও থানার ওসির ঘুষ দাবীর বিষয়ে গত ২ এপ্রিল রাজশাহী রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। এই ঘটনার পর থেকেই সন্ত্রাসী ও থানার ওসি সুরঞ্জিতকে মামলা তুলে নেয়ার জন্য অব্যাহত ভাবে চাপ প্রয়োগ করে আসছে।

তবে মোহনপুর থানা বিএনপির সভাপতি আব্দুস সামাদও তাকে কয়েকবার মামলা তুলে নেয়ার জন্য অুনরোধ করেছেন। গত রোববার সন্ধ্যার দিকেও বিএনপির সভাপতি সুরঞ্জিতদের বাড়ীতে গিয়ে মামলা তুলে নিতে বলেন।

এ বিষয়ে ওসি রতন কৃষ্ণ নাথের সঙ্গে আলাপ করলে তিনি সুরঞ্জিতের অভিযোগ গুলিকে অস্বীকার করে বলেন, আমি সন্ত্রাসীদের হাত থেকে সুরঞ্জিতকে এতদিন রক্ষা করে আসছি। কিন্তু সে আমার বিরুদ্ধেই বারবার উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করে চলেছে।

এদিকে সুরঞ্জিত ভারতের গোয়েন্দা সংস্থার সহায়তায় এ সব করছে বলে অভিযোগ করেছেন থানা বিএনপির সভাপতি আব্দুস সামাদ। তিনি অবশ্য সুরঞ্জিতের উপর হামলার ঘটনা স্বীকার করেছেন।

এদিকে থানা বাস্তুহারা দলের সাধারণ সম্পাদক আলম বলেন, সুরঞ্জিতের উপর হামলার সাথে তার কোন সম্পর্ক নেই। জানা গেছে সওজের কার্য সহকারী আমিন উদ্দিনও সুরঞ্জিতের উপর হামলা ও তাদের বাড়ীতে অগ্নি সংযোজের ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছেন।

অব্যাহত এই নিপিড়নের মধ্যে সুরঞ্জিত পরিবারের শেষোক্তি আমরা কি তাহলে দেশ ছেড়ে চলে যাব।

সোমবার রাজশাহীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ ও সদর সার্কেলের এএসপি মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।