২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বিমানবন্দর নির্মানে জোট সরকারের শৈথিল্য

বর্তমান জোট সরকারের আমলে খুলনায় বিমান বন্দর নির্মান কাজে গড়িমসি চলছে। এর জন্য সরকারের হাতে আছে দেড় বছরেরও কম সময় । এত অল্প সময়ে একটি পুর্ণাঙ্গ বিমান বন্দর স্থাপন করা সম্ভব নয় বলে ধারণা করা হচ্ছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 01:30 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

৭‘শ ১৪ কোটি টাকা ব্যয়ে রূপসা সেতুর কাজ সমাপ্ত হলেও মাত্র ৮৩ কোটি টাকার অভাবে খান জাহান আলী বিমান বন্দরের কাজ থেমে রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই ৮৩ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে প্রদান করা সম্ভব। কিন্তু অদৃশ্য কোনও কারণে তা হচ্ছে না। ফলে খুলনাবাসী এ সরকারের আমলেও বিমান বন্দর থেকে বঞ্চিত হচ্ছে।

এ ব্যাপারে খুলনা-২ আসনের সংসদ সদস্য আলী আসগর লবী জানান, বিমান বন্দর স্থাপনের জন্য চেষ্টা করা হয়েছে। কিন্তু বিদেশী সাহায্য না পাওয়ায় কাজের অগ্রগতি হচ্ছে না। তবে জোট সরকারের আমলে বিমান বন্দর স্থাপনের বাকি কাজ সম্পন্ন হবে কিনা, সে ব্যাপারে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি ।

রূপসা সেতুর মতোই খুলনাবাসীর বিমান বন্দরের দাবি দীর্ঘদিনের। ভোটযুদ্ধে জেতার জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও সরকার দীর্ঘদিন থেকে খুলনায় বিমান বন্দর স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে আসছে।

বিগত আওয়ামী লীগ সরকার বৃহত্তর খুলনার বাগেরহাট জেলার রামপাল উপজেলার কয়লাহাটে ৯৫ একর জমি অধিগ্রহণ করে খানজাহান আলী নামে বিমান বন্দর স্থাপনের কাজও শুরু করে। মাটি ভরাটের কাজ শুরু হলেও জাতীয় সংসদ নির্বাচনের কারণে বিমানবন্দরের কাজ থমকে যায়।

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী দেশের দক্ষিণাঞ্চল সফরের সময় জনগণকে খানজাহান আলী বিমান বন্দরের অসম্পন্ন কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন।

পরবর্তীতে খুলনা-২ আসনের সংসদ সদস্য আলী আসগর লবীও বিমান বন্দরের কাজ সমাপ্ত করার প্রতিশ্রুতি দেন। এরপর অল্প কিছু কাজ সম্পন্নও হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমান বন্দরের কাজ সম্পূর্ণভাবে সমাপ্ত করার জন্য স্পেনের কাছে ২২ মিলিয়ন মার্কিন ডলার অনুদান চাওয়া হয়।

প্রকল্পটির ব্যয় নির্ধারণ করা হয় ১৪ দশমিক ১৮ মিলিয়ন মার্কিন ডলার (৮৩ কোটি টাকা)। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বাগেরহাটে খানজাহান আলী বিমান বন্দর নির্মাণ প্রকল্পের প্রিলিমিনারী প্রজেক্ট প্রফর্মা (পিপিপি) প্রনয়ণ করে তা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রেরণ করে।

পিপিপি-তে উল্লেখ করা হয়, খান জাহান আলী বিমান বন্দর স্থাপিত হলে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা এবং বিভাগীয় শহর খুলনা এর আওতায় আসবে। মংলা বন্দর, খুলনার বিভিন্ন শিল্প এবং পর্যটন শিল্পের উন্নয়ন সাধিত হবে। দূরত্ব কমে যাবে মংলা-ঢাকার। রূপসা সেতু এ উন্নয়নে আরও সহায়ক হবে।