কর্তৃপক্ষের উদাসীনতার কারণে বিপুল পরিমান রাজস্ব আয় থেকে বঞ্চিত সরকার
উত্তর এবং দক্ষিণাঞ্চলের যোগাযোগ বন্ধনে জৌকুড়া ও নাজিরগঞ্জ ফেরী ঘাট যানবাহন পারাপারের গুরুত্বপূর্ন মাধ্যম হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সরকার বিপুল পরিমান রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
এ ফেরীঘাট ২টি চালু হওয়ার পর থেকেই এলাকার উৎপাদিত কৃষিজাত পণ্য, ব্যবসা-বানিজ্য, আমদানী-রফতানীসহ অর্থনৈতিক উন্নয়ন ও যোগাযোগের ক্ষেত্রে এক বৈপ্লবিক অগ্রগতির সূচনা হয়। কিন্তু রাজবাড়ী অংশে অপ্রশস্ত সড়কের কারণে মালামাল নিয়ে আসা যাওয়া করা ঝুঁকিপূর্ন হওয়ায় বিশেষ করে মালবাহী ট্রাকগুলো তেমন যাতায়াত করছে না। ফলে কোটি কোটি টাকা ব্যয় করে ঘাট ২টি স্থাপন করা হলেও একমাত্র উন্নত সড়কের অভাবে এ পথ দিয়ে যানবাহন চলাচল করতে সাহস পাচ্ছেনা। সড়ক ও জনপথ বিভাগ প্রয়োজনীয় অর্থের অভাবে রাস্তাটির পূর্ণাঙ্গ উন্নয়ন বা সংস্কার করে প্রশস্ত করার কাজ হাতে নিতে পারছেনা।
অনুরূপভাবে পাবনার নাজিরগঞ্জ ফেরীঘাট থেকে মূল সড়কে উঠার সংযোগস্থানটির অবস্থা আরও ভয়াবহ। কয়েকজন ট্রাক ড্রাইভার জানান, সংযোগ স্থানটির কারণে যানবাহন চলাচল করতে যেয়ে একবার গাড়ী আটকে গেলে তা সচল করতে দু’দিন সময় লেগে যায়। এতে করে বেশ কিছূ মালামালও তাদের খোয়া যায়। আর এসব কারণে উত্তর ও দক্ষিণাঞ্চলের যাতায়াতের মাধ্যম হিসেবে ফেরীঘাট ২টি চালু করা হলেও তা এখন গুরুত্বহীন হয়ে পড়েছে। এ অঞ্চলের সাধারণ মানুষ সহ ট্রাক চালক, পরিবহন মালিক সমিতি সড়কটির উন্নয়ন ও প্রশস্তকরণসহ উভয় জেলার মধ্যে দ্রুত নদী পারাপারের জন্য আরো একটি উন্নত আধুনিক ফেরী চালু করার দাবি করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
