২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু যমুনা সেতুর কম্পিউটারে জটিলতা, টোল আদায় হচ্ছে হাতে হাতে

বঙ্গবন্ধু যমুনা সেতুর টোল প্লাজায় কম্পিউটারে জটিলতা দেখা দেওয়ায় যানবাহন পারাপারের টোল হাতে হাতে আদায় করা হচ্ছে। এতে টোল আদায় এবং যানবাহন পারাপারের সঠিক পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না বলে জানা যায়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 01:23 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

সেতুর টোল প্লাজায় রোববার রাত ১১টা থেকে সৃষ্ট এ জটিলতা এবার নিয়ে গত দুই মাসে তিনবার সংঘটিত হয়েছে।

টোল আদায় ও সেতু রক্ষণাবেক্ষণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান মার্গানেট ওয়ান‘র উর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত জানার জন্য সোমবার টোল প্লাজায় আসেন।

বিশ্বের ১১তম দীর্ঘ বঙ্গবন্ধু যমুনা সেতু দিয়ে যানবাহন পারাপারে দ্রুত টোল আদায় এবং যানবাহনের সঠিক পরিসংখ্যান রাখার জন্য শুরু থেকেই কম্পিউটার পদ্ধতি চালু করা হয়।

শুরুতে জ্যোম্যাক নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান সেতুর রক্ষণাবেক্ষণ এবং টোল আদায়ের কাজ পায়। জোম্যাকের সাথে চুক্তি শেষ হওয়ার পর মার্গানেট ওয়ান চুক্তিবদ্ধ হয়। কিন্তু বছর পেরুতে না পেরুতেই শুরু হয় টোল আদায়ের কম্পিউটার পদ্ধতিতে নানা জটিলতা। এর আগেও তিনবার এধরনের জটিলতা দেখা দেয়ায় হাতে হাতে রশিদের মাধ্যমে টোল আদায় করা হয়েছে।

অনেকের ধারণা, হিসেবে গড়মিল করার জন্য ইচ্ছে করেই এ জটিলতা সৃষ্টি করা হয়েছে।

এ রির্পোট লেখা পর্যন্ত টোল আদায়ে কম্পিউটার পদ্ধতি চালু হয়নি।