ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় ১৪৪ ধারা জারি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার আধুনিক পৌরভবন নির্মাণের স্থান নির্ধারণের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে গোটা পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে দাঙ্গা পুলিশ।
জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ১ কোটি টাকা ব্যয়ে নবীনগর উপজেলা সদরের তিতাস নদী সংলগ্ন মনমোহন পাবলিক পার্কের সামনে পৌরভবনের নির্মাণ কাজ শুরু করলে পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের ৯ গ্রামের লোকজন তাতে বাধা দেয়।
তারা ওই স্থানে পৌরভবনের নির্মাণের কাজ বাতিল ও পৌর এলাকার মধ্যবর্তী স্থানে ভবন নির্মানের দাবিতে সোমবার থেকে অনির্দিষ্ট কালের হরতালের ডাক দেয়।
এ নিয়ে সৃষ্ট তীব্র উত্তেজনার কারণে প্রশাসন মঙ্গলবার নবীনগর পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করেছে।
হরতালের কারণে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
