১৬ দিন ধরে আখাউড়া থানায় কোনও ওসি নেই
গত ১৬ দিন ধরে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদটি শূন্য পড়ে আছে। ফলে আইনশৃঙ্খলাসহ অন্যান্য কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সূত্র জানায়, গত ৩০ মার্চ পুলিশ পাহারায় ভারতে তৈরি পোশাক পাচারের অভিযোগে আখাউড়া থানার ওসি আব্দুস ছালামকে প্রথমে শোকজ করা হয়, পরে ৯ এপ্রিল তাকে ক্লোজ করা হয়।
ওসি আব্দুস ছালাম ক্লোজড হওয়ার বিষয়টি আঁচ করতে পেরে ওইদিনই সাত দিনের অসুস্থতাজনিত ছুটির দরখাস্ত দিয়ে কর্মস্থল ত্যাগ করেন। এরপর থেকেই ওসির পদটি শূন্য পড়ে আছে।
তবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এটিএম তারেক বিডিনিউজকে জানান, দুয়েক দিনের মধ্যেই আখাউড়া থানায় নতুন ওসি নিয়োগ দেওয়া হবে।
