২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে বিএসএফ বাংলাদেশী ২ যুবকের লাশ ফেরত দিয়েছে

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী দুই যুবকের লাশ ফেরত দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। দু’পক্ষের মধ্যে ৩৫ মিনিটের এক পতাকা বৈঠকের পর সোমবার বিকেলে নিহত জাহিদুল ও আখতারুজ্জামানের মরদেহের কফিন হস্তান্তর করা হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 07:14 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, মহেশপুর সীমান্তের (যাদবপুর) পারগোপালপুর এলাকার ৪৮ নং মেইন পিলারের কাছে সোমবার বিকাল ৪টা ২০ মিনিটে শুরু হওয়া পতাকা বৈঠকে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন যাদবপুর কোম্পানি কমাণ্ডার জাহাঙ্গীর আলম। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১০৪ ব্যাটালিয়নের কমাণ্ডার ডিকে শর্মা। বৈঠক শেষে ভারতীয় প্রতিনিধিরা নিহতদের কফিন হস্তান্তর করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, আখতারুজ্জামানের শরীরে দুটি এবং জাহিদুলের শরীরে একটি গুলির চিহ্ন রয়েছে। এছাড়া তাদের শরীরে ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে জখম করার চিহ্নও রয়েছে।

উল্লেখ্য গত শনিবার ভোরে মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্তের জিরো লাইনে বিএসএফ সম্পূর্ণ অনৈতিকভাবে দু’যুবককে হত্যা করে লাশ নিয়ে যায়। এ ব্যাপারে বিডিআরের পক্ষ থেকে বারবার পত্র দেয়া হলেও বিষয়টি বিএসএফ বারবার এড়িয়ে যাচ্ছিল।

আমাদের ঝিনাইদহ প্রতিনিধি জানান, লাশ ফেরত নেয়ার জন্য দুপুর থেকে মহেশপুর উপজেলার পারগোপালপুর সীমান্তের জিরো লাইনের কাছে বিডিআর ও নিহতের আত্মীয় স্বজন লাশের জন্য অপেক্ষা করতে থাকে। বিকেল চারটার দিকে বিএসএফ পিক-আপে করে সাদা কাপড়ে জড়ানো লাশ দুটি ৪৮ নম্বর মেইন পিলারের কাছে নিয়ে আসে। দু’পক্ষের মধ্যে ৩৫ মিনিটের পতাকা বৈঠকের পর লাশগুলো হস্তান্তর করা হয়। লাশ হস্তান্তরের সময় বিএসএফ সশস্ত্র অবস্থায় বাংলাদেশের দিকে কড়া নজর রাখছিল।