নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে মেয়র প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের বৈঠক ২৮ এপ্রিল
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখার লক্ষ্যে মেয়র প্রার্থীদের সাথে নির্বাচন কমিশন ২৮ এপ্রিল এক বৈঠক করবে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে মেয়র প্রার্থীদের ভূমিকা ও কর্মকাণ্ড খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ বিষয়টি নিয়ে রিটার্নিং অফিসার মেয়র প্রার্থীদের সাথে সরাসরি কথা বলতে আগ্রহী বলে সূত্র জানায়।
রিটার্নিং অফিসার গোলাম কুদ্দুস বিডিনিউজকে বলেন, সব মেয়র প্রার্থীর কাছে নির্বাচন কমিশনের মনোভাব তুলে ধরার জন্য এ বৈঠকের আয়োজন করা হয়েছে।
এদিকে, পুলিশ কমিশনারকে অপসারণের জন্য আওয়ামী লীগের মেয়র প্রার্থী মহিউদ্দিন চৌধুরীর আবেদন ইসি গুরুত্ব সহকারে গ্রহণ করেছে। সোমবার দুপুরে কুরিয়ার সার্ভিসযোগে মহিউদ্দিন চৌধুরীর আবেদনটি গোলাম কুদ্দুসের কাছে এসে পৌঁছে বলে জানা যায়।
ইসি সূত্র জানায়, বিষয়টির আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই এ আবেদন ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়ে দেয়া হবে।
