ঢাবি বাংলা বিভাগে বিক্ষোভ, চেয়ারম্যানসহ একাধিক কক্ষে তালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান, অন্য শিক্ষকের কক্ষ এবং বিভাগীয় সেমিনার ও কার্যালয়ে সোমবার শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দিয়েছে। বাংলা বিভাগের প্রথম বর্ষ (২০০২-০৩) চূড়ান্ত পরীক্ষার এগার মাস পরও ফলাফল প্রকাশ না করায় তারা এভাবে প্রতিবাদ জানায়।
শিক্ষার্থীরা চব্বিশ ঘণ্টার মধ্যে তাদের পরীক্ষার ফলাফল প্রকাশের দাবি জানায়।
২০০২-০৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ চূড়ান্ত পরীক্ষা শেষ হয় ২০০৪ সালের জুনের দ্বিতীয় সপ্তাহে।
সোমবার সকাল নয়টা থেকে বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা বিভাগের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার নিয়ে আন্দোলন কর্মসূচি শুরু করে। এসময় তারা বিভাগের চেয়ারম্যান এসএম লুৎফর রহমান, পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক আবু জাফর’র কক্ষ এবং বিভাগের সেমিনার ও কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।
শিক্ষার্থীরা বর্তমান অকার্যকর পরীক্ষা কমিটি বাতিলের দাবি জানায়। এসময় চেয়ারম্যান এসএম লুৎফর রহমান ও অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী তাদের শান্ত করার চেষ্টা করেন। তারা শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রকাশে পদ্ধতিগত জটিলতার কথা বলেন।
কিন্তু শিক্ষার্থীরা এ সব না মানলে তারা উত্তেজিত ছাত্র- ছাত্রীদের দাবির মুখে আগামীকাল পরীক্ষার রেজাল্টশীট পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠানো হবে বলে আশ্বস্ত করেন।
ছাত্র আজিজ বিডিনিউজকে বলেন, আগামীকালের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশিত না হলে প্রয়োজনে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়া হবে। তিনি আরো বলেন, পদ্ধতিগত ত্রুটি সব বিভাগেই থাকে কিন্তু এজন্য আমরা ভুক্তভোগী কেন হবো?
অপর শিক্ষার্থী স্নিগ্ধা বলেন, এর আগে চেয়ারম্যান তাদের কথা দেন ২৩ এপ্রিলের মধ্যে তাদের ফলাফল দেয়া হবে। যেহেতু তিনি প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি সেহেতু তার কাছ থেকে তারা আর কিছু আশা করেন না।
চার সদস্যবিশিষ্ট পরীক্ষা কমিটির চেয়ারম্যান অধ্যাপক এসএম লুৎফর রহমান। তিনি বিডিনিউজকে বলেন, মূলত পদ্ধতিগত ত্রুটিই এর জন্য দায়ী। তিনি আরো জানান, তিনি মোট দু বার ফলাফল প্রকাশের জন্য কমিটির সভা ডাকেন। কিন্তু অন্য সদস্যদের উদাসীনতার কারণে তা বারবার বিলম্বিত হয়েছে। এরপর তিনি নিরুপায় হয়ে ১২ দিন পর পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে আলোচনা করে অন্য উপায়ে আইন অনুযায়ী ফলাফল প্রকাশের ব্যবস্থা করেন।
তিনি জানান, অনেক অনুরোধের পর সংশ্লিষ্ট শিক্ষকরা ইনকোর্স, টিউটোরিয়ালের নম্বর তার কাছে দেন ১৯ এপ্রিল। এছাড়াও ফলাফল প্রকাশের জন্য ফাউণ্ডেশন কোর্সের নম্বর প্রয়োজন হয়। তিনি ২৪ এপ্রিল এই নম্বর পান।
নিয়মানুযায়ী যেসব শিক্ষার্থীদের মানোন্নয়ন পরীক্ষা দিতে হয়, তাদের প্রথম বর্ষ (২০০৩-০৪) শিক্ষাবর্ষের সাথে এটি দিতে হয়। কিন্তু তাদের ফলাফল এখনও প্রকাশ না করায় তারা এর প্রস্তুতি নিতে পারছেনা। এ ব্যাপারে শিক্ষার্থীদের দাবি, প্রথম বর্ষের পরীক্ষা পেছানো হোক।
এ ব্যাপারে লুৎফর রহমান বিডিনিউজকে বলেন, এ ব্যাপারে অবশ্যই তাদের জন্য ব্যবস্থা নেয়া হবে। তবে নিয়ম অনুযায়ী এটি করবেন পরীক্ষা নিয়ন্ত্রক।
যারা অকৃতকার্য হবে, তাদের পরীক্ষাও প্রথম বর্ষের সাথে নেওয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। কিন্তু এব্যাপারে লুৎফর রহমান কোন মন্তব্য করতে রাজি হননি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক আশঙ্কা প্রকাশ করে বলেন, রেজাল্টশিট পাঠানো হলেও ফলাফল খুব দ্রুত প্রকাশ হয় কিনা, সে ব্যাপারে সন্দেহ আছে। কারণ দেখা যাবে শিক্ষকরাই এই রেজাল্টশিটে স্বাক্ষর করছেন না।
