বগুড়ায় শেখ হাসিনার জনসভায় আসার পথে হামলা: আহত অর্ধ শতাধিক
সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বগুড়ায় শেখ হাসিনার জনসভায় আসার পথে গাবতলীতে রোববার দুপুরে স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তাদের গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারপিট করেছে বলে আওয়ামী লীগ অভিযোগ করেছে।
এ ঘটনায় অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয় বলে জানানো হয়। আহতরা বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতি অভিযোগ করেন, বেলা ১২টার দিকে তারা ৪৩টি গাড়িতে শেখ হাসিনার জনসভায় যোগ দেওয়ার জন্য রওনা দেন। তারা গাবতলী থানার নিকটে পৌঁছলে স্থানীয় বিএনপি ও তার অংগ সংগঠনের নেতাকর্মীরা বাসগুলো থামিয়ে দেয়। এরপর তারা নেতাকর্মীদের নামিয়ে বেদম মারপিট করে।
তিনি আরও বলেন, এ সময় সেখানে পুলিশ উপস্থিত থাকলেও সহযোগিতায় এগিয়ে আসেনি।
এ ব্যাপারে গাবতলী থানার ওসি সাংবাদিকদের জানান, তিনি অন্যত্র থাকায় বিষয়টি শোনেননি। ডিউটি অফিসার জানান, তিনি বিষয়টি শুনেছেন।
