২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীতিমালা উপেক্ষা করে উপসচিব পদে পদোন্নতি : প্রশাসনে ক্ষোভ

পদোন্নতির নীতিমালা উপেক্ষা করে উপসচিব পদে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের গণপদোন্নতি দেওয়ায় অন্যান্য ক্যাডার কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

সংস্থাপন মন্ত্রণালয় থেকে ২১ এপ্রিল বিভিন্ন ক্যাডার সার্ভিসের ৩২৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্যে প্রশাসন ক্যাডারের ২৬৫ জন এবং অন্যান্য ক্যাডারের ৬২ কর্মকর্তা রয়েছেন।

উপসচিব পদে পদোন্নতির নীতিমালা অনুযায়ী, প্রশাসন ক্যাডারের জন্য ৭৫ ভাগ ও অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের ২৫ ভাগ পদ নির্ধারিত থাকে।

নীতিমালায় সুনির্দিষ্টভাবে কোটা অনূসরণ করার নিয়ম থাকলেও এ গণপদোন্নতির ক্ষেত্রে তা উপেক্ষা করা হয়েছে। এতে প্রশাসন ক্যাডারকে ৮২ ভাগ ও অন্য ক্যাডারের জন্য মাত্র ১৮ ভাগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সিভিল সার্ভিস ইনফরমেশন এসোসিয়েশনের পক্ষ থেকে এ পদোন্নতিতে পদ বন্টনের বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদ বিভাগের সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছে।

লিখিত আবেদনে তারা কোটা অনুযায়ী তাদের প্রাপ্য পদের থেকে ২৩টি পদ কম দেওয়া হয়েছে বলে দাবী করেছেন।

তথ্য ক্যাডারের কর্মকর্তারা জানান, এ পদোন্নতির তালিকায় বিসিএস তথ্য ক্যাডারের ১৯৮২ সালের ব্যাচের ৭৩৪ কর্মকর্তার মধ্যে চারজনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

তারা অবিলম্বে অন্যান্য ক্যাডারের ন্যায্য প্রাপ্য ২৩টির মধ্যে তথ্য ক্যাডারের ১০ জনকে উপসচিব হিসেবে পদোন্নতি দেওয়ার অনুরোধ জানান।

নাম প্রকাশের অনিচ্ছুক পদোন্নতি বঞ্চিত এক কর্মকর্তা বিডিনিউজকে বলেন, সরকারের একটি বিশেষ মহল এ গণপদোন্নতিতে প্রশাসন ক্যাডার থেকে কোটা অনুযায়ী প্রাপ্য পদের চেয়ে বেশী সংখ্যক কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে।

তিনি জানান, পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য নিরসন না হলে কর্মকর্তাদের ক্ষোভ চরম আকার ধারণ করতে পারে। যা সরকারের জন্য সুখকর হবে না।

বিসিএস গণপূর্ত ক্যাডারের ১৯৮২ ও ’৮৪ সালের ব্যাচের মোট ৫৯৮ জনের মধ্যে মাত্র ৯ জন পদোন্নতি দেওয়া হয়েছে।

একইভাবে সমবায় ক্যাডারের ’৮৪ ব্যাচের ২৮৯ কর্মকর্তার মধ্যে মাত্র ৪ জন, বিসিএস আনসার ’৮৪ ব্যাচের ২২৭ কর্মকর্তার মধ্যে মাত্র ৩ জন, বিসিএস নিরীক্ষায় ’৮৪ ব্যাচের ৩১০ কর্মকর্তাদের মধ্যে ৪ জন, বিসিএস রেলওয়ে, পরিবহন ও বানিজ্য ক্যাডারের ’৮৪ ব্যাচের ৬৯ কর্মকর্তার মধ্যে ২ জন, বিসিএস রেলওয়ে প্রকৌশল ’৮৪ ব্যাচের ২৫৮ কর্মকর্তার মধ্যে ৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।