জাবিতে সংঘর্ষ, আহত ৫০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীনদের অভিনন্দন জানানোকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রদের সঙ্গে ছাত্রদল কর্মীদের সংঘর্ষে কমপক্ষে অর্ধশত আহত হয়েছে। আহত ১০ জনের অবস্থা আশংকাজনক।
গুলিবিদ্ধ একজনসহ গুরুতর আহত ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের সময় ছাত্রদল কর্মীরা তিন সাংবাদিককে লাঞ্ছিত করে বলে সাংবাদিকরা অভিযোগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত চার ঘন্টাব্যপী ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, গুলিবর্ষণ ও মারধরের সময় পুুরো ক্যাম্পাস রণক্ষেত্রে পরিনত হয়।
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে আয়োজিত নবাগত ছাত্রছাত্রীদের বরণ অনুষ্ঠানে ছাত্রদল কর্মীদের সঙ্গে বিভাগীয় শিক্ষক গোলাম মোস্তফার কথা-কাটাকাটির পর সংঘর্ষের সূত্রপাত হয়।
পরে বিক্ষুব্ধ ছাত্রদল কর্মীরা বিভাগের ল্যাবে ভাংচুর চালায়। এসয় মুজিব হলে ছাত্ররা প্রতিবাদ জানলে তাদের সঙ্গে ছাত্রদল কর্মীদের ব্যাপক সংঘর্ষ বাধে।
এক পর্যায়ে ছাত্রদল কর্মীরা রড, লাঠিসোটা, হকিস্টিক ও আগ্নেয়াস্ত্র নিয়ে বঙ্গবন্ধু হলের ছাত্রদের খুঁজতে থাকে। ও হলে হামলা চালায়।
ছাত্রদল কর্মীরা হল ঘিরে ফেললে হলের ছাত্ররাও ছাত্রদল কর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।
পরে পুলিশের সহায়তায় উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক এনামুল হক খান, প্রক্টর অধ্যাপক কামরুল আহসান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নতুনভাবে আবার যাতে সংঘর্ষ না বাধে সেজন্য ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
