২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রীসে আদম পাচারের ঘটনায় ঢাকার দুটি ট্রাভেল এজেন্সি জড়িত বলে পুলিশ’র দাবি

চট্টগ্রাম দিয়ে সমুদ্রপথে গ্রীসে আদম পাচারের ঘটনায় ঢাকার আলী ট্রাভেলস এবং ওভারসীজ ট্রাভেলস নামের দুটি ট্রাভেল এজেন্সি জড়িত বলে পুলিশ সোমবার জানিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2005, 07:48 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

রোববার কর্ণফুলী নদীতে নৌবাহিনীর হাতে আটক ৯০ যুবককে জিজ্ঞাসাবাদে এই তথ্য পেয়েছে পুলিশ।

তবে তদন্তের স্বার্থে এই দুই ট্রাভেল এজেন্সি সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হচ্ছে না বলে সিএমপির একটি সূত্র উল্লেখ করেছে।

সূত্র জানিয়েছে, এজেন্সি দুটির সাথে চট্টগ্রামের দু জন ব্যবসায়ী জড়িত। একজন শিপিং এজেন্ট চট্টগ্রামের এই ব্যবসায়ীদের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে তাদের ইউরোপগামী জাহাজে এই ৯০ যুবককে তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল বলে পুলিশের ধারণা।

পুলিশ এখন ট্রাভেল এজেন্সি এবং শিপিং এজেন্সির লোকজনকে খুঁজছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ’র কাছ থেকে ইউরোপগামী জাহাজের তালিকাও নেওয়া হয়েছে বলে সূত্র উল্লেখ করেছে।

হতভাগ্য যুবকদের কী করা হবে, তা নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছুতে পারেনি পুলিশ। আটককৃতদের ১০জনকে পতেঙ্গা থানায় ও ৮০ জনকে ডবলমুরিং থানায় রাখা হয়েছে।

আটককৃতদের বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে। এদের বাড়ি ঢাকা, চট্টগ্রাম, মাদারিপুর ও নোয়াখালীতে। সিএমপির নগর বিশেষ শাখা সূত্র ধারণা করছে, পাচারকারীদের মধ্যে এই চার জেলার লোকই জড়িত।

পুলিশ আপাতত ইঞ্জিনবোট ভাড়াকারী পটিয়ার মাস্টার হাটের মহিউদ্দিনকে খুঁজছে। পেশায় একজন বালি ব্যবসায়ী মহিউদ্দিনকে গ্রেপ্তার করতে পারলে ঘটনার মূল হোতাদের পাওয়া যাবে বলে পুলিশের ধারণা।

মহিউদ্দিনকে গ্রেপ্তার করার জন্য পটিয়া ও চট্টগ্রাম শহরের দুটি স্থানে অভিযান চালানো হয়েছে বলে পতেঙ্গা থানা সূত্রে জানা গেছে।

নৌ-বাহিনীর সদস্যরা রোববার সন্ধ্যায় কর্ণফুলী নদীর জেটিতে নোঙ্গর করা সাইপ্রাসগামী দুই ইঞ্জিনবিশিষ্ট একটি জাহাজে অভিযান চালিয়ে থেকে আদম ব্যবসায়ীদের হাত থেকে ৯০ জন যুবককে উদ্ধার করেছে।

উদ্ধারকৃত যুবকদের বিদেশে নিয়ে ভাল চাকরী দেয়ার লোভ দেখিয়ে অবৈধ ভাবে পাচার করার চেষ্টা করা হচ্ছিল।