আখাউড়া সীমান্তে উত্তেজনার জের: বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
আখাউড়া সীমান্তে বিডিআর-বিএসএফ সীমান্ত সংর্ঘষের প্রভাব পড়েছে বেনাপোল স্থল বন্দরে।
বন্দরে সোমবার আমদানি-রপ্তানি বন্ধ ছিল। বৈধ পারমিটধারী সিএণ্ড এফ প্রতিনিধি, আমদানি ও রপ্তানিকারকদের ভারত-বাংলাদেশে যাতায়াত করতে দেয়া হয়নি। একটি সূত্র জানায়, বিএসএফ’র বাধায় ভারত থেকে আমদানিকৃত পণ্যের কোনও ট্রাক বাংলাদেশে ঢোকেনি।
যদিও সকালে বেশ কয়েকটি ট্রাক ঢোকার পর কিছুক্ষণ পরই আবার তা বন্ধ হয়ে যায়।
ওই সূত্র আরও জানায় বিকেল ৫টা পর্যন্ত আমদানি ও রপ্তানি পুরোপুরি বন্ধ ছিল।
এদিকে বৈধ পারমিটধারী আমদানি ও রপ্তানিকারকদের কেউই বেনাপোল-পেট্রাপোলে প্রবেশ করতে পারেননি।
অন্যদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নতুন এক ফরমান জারি করে বলেছে, এখন থেকে যে সকল ভারতীয় ট্রাক বাংলাদেশে ঢোকে সে গুলোর সাথে কোনও হেলপার থাকতে পাবে না।
বেনাপোলের পরিস্থিতি শান্ত থাকলেও বিডিআর, বিএসএফ উভয় পক্ষই সতর্ক অবস্থানে রয়েছে।
শনিবার বিডিআর-বিএসএফ বন্দুক যুদ্ধে একজন ভারতীয় নিরাপত্তারক্ষী এবং বাংলাদেশী এক বালিকা নিহত হয়।
