রৌমারিতে জনতা পুলিশ সংঘর্ষে আহত ২২, ইউএনও’র গাড়িতে অগ্নিসংযোগ
জেলার রৌমারিতে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানার জের ধরে সোমবার পুলিশের সাথে ব্যবসায়ী জনতার সংঘর্ষে কমপক্ষে ২২ জন আহত হয়েছে। বিক্ষুব্ধ জনতা ইউএনও’র গাড়িতে অগ্নিসংযোগ করেছে।
পুলিশ ও স্থায়ীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলওয়ার হোসেনের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত ব্যবসায়ীদের ত্র“টির কারণে জরিমানা করে।
ওই ব্যবসায়ীরা স্থানীয় বণিক সমিতিকে অবহিত করলে তাৎক্ষনিকভাবে তারা মাইকিং করে ব্যবসায়ী ও সাধারণ জনতাকে জড়ো করে ইউএনও অফিসে ও বাসভবনে হামলা চালায়। এ সময় ইউএনও জীপে চরে থানায় গিয়ে আশ্রয় নেয়। বিক্ষুব্ধ জনতা থানা ঘেরাও করে থানার সামনে থাকা জীপ গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পাঁচ রাউণ্ড রাবার বুলেট এবং তিন রাউণ্ড গুলি ছুড়ে। এসময় ২২ জন আহত হয়। আহতদের রৌমারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ১৩ জনের অবস্থার অবনতি হলে তাদেরকে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে জেলা প্রশাসক আজিজার রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান।
এদিকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)- এর আহ্বায়ক খালেকুজ্জামান এক বিবৃতিতে রৌমারিতে জনতার ওপর পুলিশের গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও দোষী পুলিশদের শাস্তি দাবি করেছেন।
