কুমিল্লায় ফেনসিডিল ব্যবসা জমে উঠেছে
র্যাবের ভয়ে বড় বড় ফেনসিডিল ব্যবসায়ীরা এ ব্যবসা ছেড়ে দেওয়ায় ফেনসিডিলের দাম বৃদ্ধি পেলেও সীমান্তের ওপার থেকে অভিনব পদ্ধতিতে আসছে ফেনসিডিল তাই জেলার সীমান্ত এলাকায় প্রতিদিন বিকেল ও সন্ধ্যায় ফেনসিডিল আসক্ত যুবকদের ভিড় জমে।
জানা যায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং, সদর ও চৌদ্দগ্রাম উপজেলার সীমান্ত দিয়ে ফেনসিডিলসহ নানা ধরনের মাদকদ্রব্য আসছে। তবে র্যাব এবং পুলিশের দফায় দফায় অভিযানের কারণে আপাতত গা ঢাকা দিয়েছে ফেনসিডিল ব্যবসায়ীরা। বিশেষ করে ঢাকার যাত্রাবাড়ি ও সায়েদাবাদ এলাকার ফেনসিডিল ব্যবসায়ী নাসিরসহ অর্ধ ডজন চোরাচালানী বর্তমানে ভারতে অবস্থান নেয়ায় ফেনসিডিল ব্যবসায়ীরা এখন নীরব রয়েছে।
মাদকাসক্ত যুবকদের কাছে বিক্রয়ের জন্য সীমান্ত এলাকা দিয়ে মোটরসাইকেল, মাইক্রোবাস, তরমুজ বা নারকেল তেলের কন্টেইনার, কোকের বোতল এবং ঔষধ প্রতিনিধির ব্যাগে করে এখন অভিনব কায়দায় ফেনসিডিল আসছে। মাঝে মাঝে পুলিশ এবং বিডিআর এগুলো আটকও করছে।
স্থানীয় লোকজন বিডিনিউজকে জানায়, বর্তমানে প্রতিদিন বিকেল এবং সন্ধ্যায় শত শত যুবক মোটরসাইকেলে চড়ে ফেনসিডিলের সন্ধানে সীমান্ত এলাকায় আসে। এসব যুবকরা ফেনসিডিল গ্রহন করার পর সাথে করে আরও বোতল নিয়ে যায় শহরে কিংবা উপজেলা সদরে বিক্রির জন্য। এদের সাথে রাজনৈতিক ক্যাডাররা জড়িত থাকার কারণে কেউ কিছু বলে না।
সীমান্তবর্তী কয়েকটি গ্রামের লোকজন জানায়, ফেনসিডিলে আসক্ত তরুণদের আনাগোনা বৃদ্ধি পেলে ডাকাতির ঘটনাও বৃদ্ধি পায়। এসব ডাকাতির ঘটনায় ভয়ে কেউ মামলাও করে না ।
কুমিল্লা সদর উপজেলার বিবির বাজার, বুড়িচং উপজেলার রাজাপুর, চড়ানল, পাঁচোড়া, জঙ্গলবাড়ি, ছয়গ্রাম, কালিকাপুর, ব্রাহ্মনপাড়া উপজেলার শশী দল, তেঁতাভূমি এবং সালদা নদী বাজারসহ বিভিন্ন এলাকায় এসব তরুণরা আড্ডায় বসে।
