সিরাজগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠা করা হয়েছে আন্তর্জাতিক মানের হাসপাতাল
সিরাজগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে যমুনা নদীর তীরে ১০০ একর এলাকা জুড়ে প্রতিষ্ঠা করা হয়েছে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান ‘খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল’। এনায়েতপুর পীর সাহেবের মাজার ট্রাস্টি বোর্ড এ হাসপাতাল নির্মাণ করেছে।
স্থানীয় জনগণের মতে, কয়েক কোটি টাকা ব্যয়ে এই হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, এটি একটি ৬০০ বেডের হাসপাতাল হবে। তবে এখন ১০০ বেড প্রতিষ্ঠা করা হয়েছে। হাসপাতালের পরিচালক ডা: অসিতবরণ অধিকারী জানান, ২০০৩ সালের মে মাসে ১০ বেডের হাসপাতাল হিসেবে যাত্রা শুরু হয়েছিল। গত বছর ১০০ বেডের হাসপাতালে পরিনত করা হয়েছে।
তিনি জানান, বর্তমানে মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি, অপথালমোলজি, কর্ডিয়াক, গেস্ট্রো এনটিরিটিস ও অবসটেট্রিকস ইত্যাদি বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। হৃদরোগের রোগীরা দেশের প্রথম কেন্দ্রীয় শীতাতাপ নিয়ন্ত্রিত এবং ভেক্টিরিয়ামুক্ত এ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে পারছে।
ডা: অসিত জানান, প্রতি বছর প্রায় এক হাজার হৃদরোগী ওপেন হার্ট সার্জাররি জন্যে দেশের বাইরে যাচ্ছে এবং এ জন্যে প্রায় ৩০ কোটি টাকা দেশের বাইরে চলে যাচ্ছে। এখন হৃদরোগীরা গ্রহনযোগ্য খরচে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা এই হাসপাতাল থেকে নিতে পারবে।
তিনি আরও জানান, রোগীরা এখানে গ্রহনযোগ্য খরচে ১০ দিনের প্যাকেজ চিকিৎসার সুযোগ নিতে পারে। এখানে ভাল্ভ সংস্কার (ভাল্ভ এর মূল্য ছাড়া) ৩০ হাজার, ফুসফুস চিকিৎসা ৪০ হাজার এবং ওপেন হার্ট ও বাই পাস সার্জারি এক লাখ টাকায় করা হয়।
হাসপাতালের পরিচালক বলেন, জনগণ এখানে ৫০ টাকায় সাধারণ চিকিৎসা এবং ২০০ টাকায় বিশেষজ্ঞদের চিকিৎসা সেবা নিতে পারে। কনসালটেশন ফি, সিট ফিসহ একজন ইনডোর রোগীকে দৈনিক পরিশোধ করতে হয় ৪০০ টাকা। রোগীর অতিথিদের ২০০ টাকা ভাড়ায় হাসপাতালের ডরমেটরিতে থাকার ব্যবস্থা আছে।
প্রায় ৩৫ জন ডাক্তার দিনরাত কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি অভিজ্ঞ দল তাদের অভিজ্ঞতা বিনিময়ের জন্যে এ হাসপাতালে আসেন। ডা: অসিত বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট ও একটি ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠা করতে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ২০০৫ সালের মধ্যেই এটিকে ৬০০ বেডের হাসপাতালে পরিনত করা সম্ভব হবে।
অবশ্য স্থানীয় জনগণ বলছে, এই হাসপাতাল থেকে তারা বিশেষ কোনও সুবিধা পাচ্ছে না।
ডা: অসিত এ প্রসঙ্গে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের পরিধি বাড়ার পর শতকরা ৫ ভাগ রোগীকে বিনা পয়সায় চিকিৎসা প্রদানের পরিকল্পনা করছেন। তিনি সিরাজগঞ্জ খদ্দর মোড় থেকে হাসপাতাল পর্যন্ত সড়ক নির্মাণ করতে স্থানীয় প্রশাসেনের প্রতি আহ্বান জানান।
