সাতক্ষীরায় কাদিয়ানিদের মসজিদে খতমে নবুয়তের দেয়া সাইনবোর্ড ঝুলিয়েছে পুলিশ
হামলা, ভাংচুর ও গুলি বর্ষণের মধ্য দিয়ে জেলার শ্যামনগরে কাদিয়ানি সম্প্রদায়ের মসজিদে পুলিশ নিজ হাতে খতমে নবুয়তের সরবরাহকৃত সাইন বোর্ড টানিয়ে দিয়েছে। এসময় এক ফটো সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের মধ্যে ছয় জন মহিলা রয়েছে।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী পুলিশি বাধা উপেক্ষা করে খতমে নবুয়তের হাজার হাজার কর্মী সমর্থক রোববার সকাল সাড়ে আটটায় হরিনগর হাইস্কুল মাঠে সমবেত হয়ে সমাবেশের আয়োজন করে।
সমাবেশ শেষে বেলা সাড়ে ১২টার দিকে তারা যতীন্দ্রনগর গ্রামের আহমদিয়া মুসলিম জামাতের দিকে মিছিল নিয়ে অগ্রসর হলে ছোট ভেটখালি এলাকায় পুলিশ, বিডিআর তাদের বাধা দেয়। এতে উত্তেজনা দেখা দেয়।
পরে খতমে নবুয়তের নেতৃবৃন্দের সাথে আলাপ করে তাদের সরবরাহকৃত সাইন বোর্ড পুলিশ নিজ হাতে কাদিয়ানিদের মসজিদে লাগিয়ে দেয়। সাইন বোর্ডটিতে লেখা ছিল ‘এটা সুন্দরবন বাজারস্থ কাদিয়ানি উপাসনালয়, কোনও মুসলমান মসজিদ মনে করে ধোকায় পড়বেন না।’
সাইন বোর্ডটি টানানোর সময় কাদিয়ানি সম্প্রদায়ের লোকজন বাধা দিলে উত্তেজনা দেখা দেয়। এসময় চার রাউণ্ড গুলির শব্দ শোনা যায়।
এক পর্যায়ে কাদিয়ানি সম্প্রদায়ের চারটি বাড়ি ভাংচুর করা হয়। এসময় সেলিনা, পারভিন, ফরিদা পারভিন, শেফালি বেগম, রহিমা বেগম, পানু বিবি, ফেরদৌসি আরাসহ ২০ জন আহত হয়। স্থানীয় ফটো সাংবাদিক ইমু এসময় ছবি তুলতে গেলে তার ওপর হামলা হয়।
বিকেল ৫টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে চলে গেলে এলাকার কাদিয়ানি সম্প্রদায় নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। এর আগে কাদিয়ানিরা নিরাপত্তা চেয়ে সরকারের কাছে আবেদন করে।
