সড়ক পথে লবন পরিবহণ বন্ধ থাকায় বাজারজাতকরণের সমস্যায় পড়েছে চাষীরা
দেশের একমাত্র লবন উৎপাদিত এলাকা কক্সবাজার থেকে সড়কপথে লবন পরিবহণে বাধা থাকায় হাজার হাজার চাষী বিপাকে পড়েছে।
লবনের পানিতে সড়ক নষ্ট হয়ে যাওয়ার অজুহাতে বেশ কদিন ধরেই সড়ক পথে লবন পরিবহন বন্ধ রয়েছে। চাষীরা উৎপাদিত লবন বাজারজাত করতে না পারায় আর্থিক সঙ্কটে পড়েছে। ইতোমধ্যে পুলিশ বেশ কয়েকটি ট্রাক আটকও করেছে বলে জানা যায়। উৎপাদনের ভরা মৌসুমে উৎপাদিত লবন বিক্রি করতে না পারায় চাষীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
চট্টগ্রামের বাঁশখালীর আংশিক জমিসহ কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, কক্সবাজার সদর, পেকুয়া ও টেকনাফ উপজেলার প্রায় ৬২ হাজার একর জমিতে চলতি মৌসুমে লবন চাষ হচ্ছে। এ বছর মৌসুম অনুকূলে থাকায় আশানরূপ লবন উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।
দেশে লবনের চাহিদা রয়েছে সাড়ে ১১ লাখ মেট্রিক টন। সরকার এ বছর ১২ লাখ মেট্রিক টন লবন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানা যায়।
কিন্তু উৎপাদিত লবন পরিবহণে সরকারি বাধার কারণে চাষীদের মাঝে সৃষ্টি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া।
প্রশাসন বলছে, ট্রাকযোগে লবন পরিবহন করার ফলে লবনাক্ত পানিতে সড়ক সয়লাব হয়ে যাওয়ায় সড়ক পিচ্ছিলও হয়ে পড়ে। আর এ কারণে ঘন ঘন দুর্ঘটনাও ঘটে।
অপরদিকে লবন চাষীরা বলছে, তারা কেবল টেকনাফ, কক্সবাজার সদর, পেকুয়া ও চকরিয়ার আংশিক মাঠের উৎপাদিত লবনই ট্রাকযোগে সরবরাহ করে থাকে। লবন উৎপাদনের স্থান থেকে খাল বা নদীতে নৌকায় তুলে পরিবহণের সুযোগ নেই। তদুপরি নৌকায় পরিবহন খরচও বেশি পড়ে।
চাষীরা জানায়, ট্রাকযোগে পরিবহন করা হয় মোট উৎপাদনের শতকরা ২০-২৫ ভাগ লবন মাত্র। আর যুগ যুগ ধরেই এ পরিমাণ লবন পরিবহনে সড়ক পথ ব্যবহার করা হচ্ছে ।
বর্তমানে সড়ক পথে পরিবহণযোগ্য হাজার হাজার মেট্রিক টন উৎপাদিত লবন মাঠে পড়ে রয়েছে। চাষীরা উৎপাদিত লবন ট্রাকযোগে সরবরাহ করতে পারছে না বলে একদিকে যেমন বাজারজাত করতে পারছে না, অন্যদিকে তেমনি বিক্রিও করতে ব্যর্থ হচ্ছে। বিশেষ করে সদর, পেকুয়ার মগনামা, চকরিয়া, ডুলাহাজারা, খুটাখালী, বদরখালী, ঢেমুশিয়া, ইলিশিয়া, নতুন অফিস, কক্সবাজার সদরের ইদগাঁও ও চৌফলদন্ডি ইত্যাদি এলাকার চাষীরা এজন্য ক্ষুব্ধ। এসব এলাকায় নৌকাযোগে লবন পরিবহণ অত্যন্ত ব্যয় সাধ্য এবং কষ্টকরও।
উৎপাদিত লবনে কিভাবে দেশের আভ্যন্তরীণ চাহিদা মিটানো যায়, সে বিষয়ে সুষ্ঠু পদক্ষেপ গ্রহনের পরিবর্তে সরকার লবন সরবরাহে পরিবহনে বাধা দিয়ে চাষীদেরকে নিরুৎসাহিত করছে বলে ধারণা করা হচ্ছে।
লবন উৎপাদনের এলাকাসমূহ যেহেতু নৌকাযোগে পরিবহনের উপযোগী নয়, সেহেতু নৌকাযোগে পরিবহনকৃত লবন অনেক সময় মিয়ানমার হতে চোরাইকৃত অভিযোগে হয়রানির শিকার হতে হয় চাষী বা ব্যবসায়ীদের। এসব ঝক্কি-ঝামেলা থেকে রেহাই পাবার জন্যও অনেকেই ট্রাকযোগে লবন পরিবহনকে শ্রেয় মনে করেন।
আকস্মিকভাবে সড়ক পথে লবস পরিবহণ নিষিদ্ধ না করে ট্রাক থেকে লবনাক্ত পানি না পড়ার ব্যবস্থা গ্রহন করলে ভালো হতো বলে লবন চাষীরা মনে করেন। অকস্যাৎ সড়কপথে লবন পরিবহন নিষিদ্ধ করে গোটা লবন শিল্পে ধ্বস নামিয়ে দেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
