ঝালকাঠিতে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের উদ্বোধন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা শহরে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতি ফলক নির্মাণ করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর (বীর উত্তম) রোববার সকালে স্মৃতি ফলকের উদ্বোধন করেন। সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্মৃতি ফলকে জেলার মোট ৭৬ জন শহীদ মুক্তিযোদ্ধাদের নাম অর্ন্তভূক্ত করা হয়েছে। এর মধ্যে সশস্ত্র বাহিনীর ৩৫, পুলিশ বাহিনীর পাঁচ এবং অন্যান্য ৩৬ জন শহীদের নাম রয়েছে। গণপূর্ত বিভাগ ১১ লাখ ৪০ হাজার টাকা ব্যায়ে এ স্মৃতি ফলকটি নির্মাণ করেছে।
আইন প্রতিমন্ত্রী একই দিনে ঝালকাঠি জেলা জজ আদালত সম্প্রসারণ ও সংস্কার কাজেরও ভিত্তি প্রস্তর স্থাপন করেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ‘লিগ্যাল এন্ড জুডিসিয়াল ক্যাপাসিটি বিল্ডিং প্রজেক্ট’-এর আওতায় প্রায় দুই কোটি ৩২ লাখ টাকা ব্যায়ে এ কাজ বাস্তবায়িত হবে।
