বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আদলে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়: সাধারণ মানুষের শিক্ষার সুযোগ নিশ্চিত হবে তো?
প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার কাজ চলতি বছরেই সম্পন্ন হবে। কুমিল্লাবাসীর জন্য বিষয়টি নিঃসন্দেহে আনন্দের এবং গর্বের।
আবার এ ব্যাপারে প্রশ্নও দেখা দিয়েছে, কুমিল্লাবাসী কি আসলেই পৃথক দু‘টি বিশ্ববিদ্যালয় পাচ্ছে? এ বিশ্ববিদ্যালয়গুলোতে নিুবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা আদৌ পড়াশোনা করতে পারবে কি? জানা গেছে ’আয় থেকে দায় শোধ’ নীতিতে এ দু‘টি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আদলে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।
চলতি বছরের যেকোনও সময় প্রধানমন্ত্রী কোর্টবাড়ি অঞ্চলের সালমানপুর মৌজায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন বলে জানা যায়। জমি অধিগ্রহণের কাজও প্রায় শেষ। মোট ১‘শ একর জমির ওপর লালমাই পাহাড়ঘেরা মনোরম পরিবেশে এ বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সড়ক তৈরিসহ কিছু কাজের দরপত্র ইতোমধ্যেই আহবান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সূত্রে জানা যায়, সরকার বিশ্ববিদ্যালয়ের কিছু অবকাঠামো যেমন প্রশাসনিক ও একাডেমিক ভবন, ছাত্রাবাস ইত্যাদি নির্মাণ করে দেবে। পরে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সাধারণ ব্যয় বাবদ কিছু টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। কিন্তু টিউশন ফি, ডাইনিং ফি এবং অন্যান্য খরচ শিক্ষার্থীদেরই বহন করতে হবে। এক্ষেত্রে সরকার কোনও রকম ভর্তুকি দেবে না।
ব্যবস্থা যদি এরকমই হয় তাহলে প্রতিটি শিক্ষার্থীকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মতোই শিক্ষা ব্যয় বহন করতে হবে। এক্ষেত্রে ব্যয় সম্পূর্ণরূপে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মতো না হলেও কাছাকাছি পর্যায়ে হবে বলে সূত্র জানায়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা, চট্টগ্রাম রাজশাহীর মতো সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে। শিক্ষার্থীদের টিউশন ফি থেকে শিক্ষকদের বেতন-ভাতা দেওয়া হবে, কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতাও সেখান থেকেই দেওয়া হবে। ফলে শিক্ষার্থীদের মাসিক টিউশন ফি বাবদ মোটা অংকের টাকা খরচ করতে হবে, যা অনেকের জন্যই সাধ্যাতীত ব্যাপার।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজকে এবছর পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হবে।
সূত্র আরও জানায়, দেশের আটটি ঐতিহ্যবাহী ও প্রাচীন কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পরিকল্পনার অংশ হিসেবে এবছরই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হবে।
ভিক্টোরিয়া কলেজ কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলে জানা যায়।
সূত্র জানায়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হলে, এর শিক্ষার্থীদেরও প্রস্তাবিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মতোই শিক্ষার সম্পূর্ণ ব্যয়ভার বহন করতে হবে। ফলে অনেক শিক্ষার্থীই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে বলে অভিজ্ঞ শিক্ষাবিদরা মনে করছেন।
তারা দাবি করেন, সরকারি বিশ্ববিদ্যালয়ের ন্যায় সকল সুযোগ-সুবিধা এ বিশ্ববিদ্যালয়েও দিতে হবে। তারা বলেন, কুমিল্লা ও নোয়াখালী জেলার শিক্ষার্থীদের একমাত্র উচ্চবিদ্যাপীঠ হিসেবে খ্যাত কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আদলে প্রতিষ্ঠিত হলে গরিব অথচ মেধাবী ছাত্র-ছাত্রীরা শিক্ষার ব্যয় নির্বাহ করতে গিয়ে বিপাকে পড়বে, এমনকি তাদের উচ্চ শিক্ষা লাভের আশা ছেড়ে দিতে হতে পারে।
এসব কারণে কুমিল্লাবাসী তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন দেখতে পেলেও বাস্তবে তা তাদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে বলে অভিজ্ঞ মহল মনে করছে।
