নেপালে সেনাবাহিনীর হাতে ৬৫ বিদ্রোহী নিহত
ব্যাপক রক্তপাতের খবরের মধ্য দিয়ে নেপালে বর্ষবরণ উৎসব উদযাপিত হয়েছে।
নেপাল সেনাবাহিনী দাবি করে বৃহস্পতিবার বর্ষবরণের দিন নিরাপত্তা অপারেশনে সারাদেশে ৬৫ জন মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। নেপালের ২০৬২ সাল উদযাপনের প্রাক্কালে বুধবার কেবল রুকুম জেলায় ৬০ জন বিদ্রোহী নিহত হয়েছে বলে তারা দাবি করে।
রয়্যাল নেপাল আর্মির জনসংযোগ বিভাগের পরিচালকের (ডিপিআর) ইস্যুকরা এক বিবৃতিতে এ খবর জানানো হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, এ নিয়ে এক সপ্তাহর মধ্যে রুকুমে নিহত বিদ্রোহীর সংখ্যা দাড়ালো ১৯১ জনে। এর আগের বৃহস্পতিবারে রাতব্যাপী সংঘর্ষে কমপক্ষে ১৩১ বিদ্রোহী নিহত হয়। ওই বিদ্রোহীরা খারায় হামলা চালিয়ে একটি নিরাপত্তা ঘাঁটি তছনছ করে দিয়েছিল। সংঘর্ষে কমপক্ষে চার সেনাসদস্যও নিহত হয়।
ডিপিআর জানায়, বুধবার নিহত মাওবাদী গেরিলারা গত সপ্তাহে খারায় সংঘঠিত সংঘর্ষের সাথে জড়িত ছিল। খারায় ওই ঘাঁটির চারপাশে স্বয়ংক্রিয় অস্ত্র হাতে টহলরত নিরাপত্তা রক্ষীদের ওপর হামলা করলে নিরাপত্তা রক্ষীদের পাল্টা হামলায় গেরিলারা নিহত হয়।
সেনাবাহিনী জানায়, আরঘাকাঞ্চি জেলার সাবুখাল অঞ্চলে বুধবার নিরাপত্তা অপারেশনে আরও চার বিদ্রোহী নিহত হয়। ধাদিং জেলার থাকরে অঞ্চলে চলন্ত গাড়িতে আগুন ধরানোর চেষ্টা করলে সেনাবাহিনীর গুলিতে অপর বিদ্রোহী নিহত হয়।
বিদ্রোহীরা সোমবার দোলাখা জেলার সদরদপ্তর চারিকটে হামলা চালিয়ে দুই পুলিশকে হত্যা করে। এাড়াও তারা আরও দুই জনকে অপহরণ এবং বেশিরভাগ সরকারি স্থাপনা গুড়িয়ে দেয়।
উল্লেখ্য ফেব্র“য়ারির ১ তারিখে রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতা হাতে নিয়ে পর জরুরী অবস্থা ঘোষণার পর থেকেই নেপালের রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে।
