২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাতারের আমীর শেখ হামাদ শুক্রবার আসছেন

কাতারের আমীর শেখ হামাদ বিন খালেদ আল থানি দুদিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার ঢাকায় আসছেন। বাংলাদেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি এ সফরে আসছেন বলে বুধবার পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2005, 08:27 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপক্ষের জন্য এটি একটি উল্লেখযোগ্য সফর কেননা এই প্রথম কাতারের কোন রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করছেন।

একটি উচ্চ ক্ষমতাশীল প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আমীর। এতে থাকছেন সেদেশের উপ-প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী। উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম ব্যক্তিত্বরাও আমীররের সফরসঙ্গী হবেন।

ঢাকায় কাতারের আমীর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সরকারী পর্যায়ের দ্বি-পাক্ষিক বৈঠকে বসবেন। এসময় তারা উভয় দেশের ক্ষেত্রে সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। 

এছাড়াও উভয় পক্ষ কতিপয় সমঝোতা স্মারক ও চুক্তিপত্র স্বাক্ষর করবেন বলেও মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়।

সফরকালে আমীর বঙ্গভবনে প্রেসিডেন্ট ড. ইয়াজ উদ্দিন আহম্মেদের সাথে সাক্ষাৎ করবেন।