২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাটা বাংলাদেশে প্রস্তাবিত বিদ্যুৎ কেন্দ্র ও স্টিল মিলে জ্বালানি হিসাবে কয়লা ব্যবহার করতে চায়

ভারতের টাটা গ্র“প তার বাংলাদেশে প্রস্তাবিত বিদ্যুৎ কেন্দ্র এবং স্টিল মিলে প্রাথমিক জ্বালানি হিসাবে কয়লা ব্যবহার করতে চায়। নিজস্ব অনুসন্ধানের মাধ্যমে আবিষ্কার ও উন্নয়ন করে তারা এই কয়লার জোগান পাওয়ার পরিকল্পনা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2005, 05:41 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

বুধবার টাটার একটি প্রতিনিধি দল জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন এমপির সাথে তার সচিবালয় কার্যালয়ে দেখে করে তাদের পরিকল্পনার কথা তুলে ধরে।

জানা গেছে, বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় পেট্রোবাংলার বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের লিজ এলাকার বাইরে নতুন করে কয়লা অনুসন্ধানের জন্যে টাটা লাইসেন্স পাওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

চলতি মাসে টাটার কয়লা খাত বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের পর অনুসন্ধান লাইসেন্স পাওয়ার জন্য তারা সরকারের কাছে আনুষ্ঠানিভাবে আবেদন করতে পারে বলে জানা গেছে।

টাটা স্টিল এর উপ ব্যবস্থাপনা পরিচালক টি. মখার্জির নেতৃত্ব এ প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন টাটার বাংলাদেশ প্রকল্প প্রধান মানজার হোসেন এবং এম এ রিয়াজ।

এ বিষয়ে জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন বিডিনিউজকে জানান, তারা বিদ্যুৎ কেন্দ্র এবং স্টিল মিলে কয়লা ব্যবহারের বিষয়ে প্রাক-সম্ভাব্যতা জরিপ চূড়ান্ত করেছে বলে তাকে জানানো হয়েছে। একই সাথে তারা বাংলাদেশে কয়লা অনুসন্ধানের জন্য বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে এর জন্য লাইসেন্স পাওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

প্রতিমন্ত্রী আরো জানান, আন্ডার গ্রাউন্ড মাইনিং এর মাধ্যমে মজুদের খুব স্বল্প পরিমাণ কয়লা উত্তোলন করা যায় বিধায় টাটা ওপেন কাট মাইনিং করতে আগ্রহী।

মন্ত্রী বলেন, কয়লা অনুসন্ধানে লাইসেন্স দিতে সরকারের নীতিগত কোনো সমস্যা নেই। তবে বড়পুকুরিয়ায় অনুসন্ধান লাইসেন্স দিতে হলে এর সীমানা পুনর্বিন্যাস করতে হবে।

জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ (জিএসবি) এর একজন পদস্থ কর্মকর্তা বিডিনিউজকে জানান, বড়পুকুরিয়ায় বর্তমানে ১,০৫০ হেক্টর জমি কয়লা অনুসন্ধান ও আহরণের জন্য পেট্রোবাংলাকে লিজ দেয়া আছে। এর বাইরে বর্তমান খনির উত্তর দিকে নতুন কয়লা পাওয়ার সম্ভাবনাময় এলাকা রয়েছে।

তিনি জানান, টাটা বড়পুকুরিয়া এলাকায় আগ্রহী হলে সেটা ঐ এলাকা হতে পারে।

বর্তমানে লাইসেন্স নিয়ে ফুলবাড়িয়া কয়লা খনিতে অনুসন্ধান ও উন্নয়নের কাজ করছে এশিয়া এনার্জি কর্পোরেশন। আর খালাসপীরে কয়লা অনুসন্ধানে একটি চীনা কোম্পানি লাইসেন্স গ্রহন করলেও তারা কাজ শুরু করেনি।

আরো কয়েকটি নতুন এলাকায় কয়লা অনুসন্ধানে লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করে রেখেছে এশিয়া এনার্জি। এগুলো সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় ঝুলে আছে।

উল্লেখ্য, গত অক্টোবর মাসে টাটার প্রধান রতন এন টাটা বাংলাদেশ সফরকালে সার, স্টিল এবং বিদ্যুৎ উৎপাদন খাতে দুই বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে বিনিয়োগ বোর্ডের সাথে একটি আগ্রহ চুক্তি স্বাক্ষর করে।

পরে তারা বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রাক-সম্ভাব্যতা জরিপ কাজ শুরু করে। গত সপ্তাহে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সাথে সাক্ষাৎকালে টাটা পাওয়ারের নির্বাহী পরিচালক রামা কৃশনান জানান এ মাসেই তাদের সার্ভের কাজ শেষ হবে।

টাটা স্টিল ও বিদ্যুৎ খাতে প্রাথমিক জ্বালানি হিসেবে গ্যাস না কয়লা ব্যবহার করবে এটা ছিল এই সার্ভের একটি উল্লেখযোগ্য দিক। টাটার পক্ষ থেকে এখন কয়লা ব্যবহারের আগ্রহ প্রকাশ করা হলো আনুষ্ঠানিকভাবে।

জানা গেছে, টাটা এশিয়া এনার্জি কর্পোরেশনের (এইসি) কাছ থেকে ফুলবাড়িয়ার কয়লা কেনার সম্ভাবনার বিষয়টিও যাচাই করে দেখছে। গত মাসে এ নিয়ে টাটা এবং এইসি‘র পদস্থ কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।