কক্সবাজারের কৃতিসন্তান চলচ্চিত্র নির্মাতা কাউসার চৌধুরী’র আন্তর্জাতিক সম্মান লাভ
দেশবরেণ্য প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা, বিশিষ্ট অভিনেতা ও কক্সবাজারের কৃতিসন্তান কাউসার চৌধুরী তার সৃষ্টিশীলতার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন।
সম্প্রতি কাউসার চৌধুরীর চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র ‘সেই রাতের কথা বলতে এসেছি’ যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের অস্ট্রিন বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে।
কাউসার চৌধুরীর সাফল্যে সারা দেশের মত কক্সবাজারের মানুষও গর্বিত।
১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদর-আলশামসদের নির্মম নৃশংস গণহত্যার প্রামাণ্য দলিল হিসেবে নির্মিত হয়েছে ‘সেই রাতের কথা বলতে এসেছি’।
ইতোমধ্যে চলচ্চিত্রটি দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত ও আলোচিত হয়েছে।
কক্সবাজারের মহেশখালী উপজেলায় কাউসার চৌধুরী স্থানীয় সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ইতিহাসের সন্ধানে একটি নতুন প্রচেষ্টা ‘সেই রাতের কথা বলতে এসেছি’। তিনি বলেন, নানাবিধ প্রতিকূলতার মধ্যেও তার এই ধরনের প্রয়াস অব্যাহত থাকবে।
