ব্রাহ্মনবাড়ীয়া সীমান্তে বিডিআরের রেড এলার্ট, দুদফা পতাকা বৈঠক
কসবা উপজেলার সালদা নদী সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনীর (বিএসএফ) কাঁটা তারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা নিরসনে মঙ্গলবার কোম্পানি ও ব্যাটলিয়ন পর্যায়ে পৃথক দুটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকের পর উত্তেজনা কমলেও ওই এলাকায় বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) রেড এলার্ট অব্যাহত রয়েছে।
স্থানীয় বিডিআর সূত্রে বলা হয়, বিএসএফ সোমবার বিকেলে কসবার সালদানদী সীমান্তের শ্যামপুর এলাকায় অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালালে বিডিআর জোয়ানরা মৌখিকভাবে তাদের বাঁধা দেয়। কিন্তু বিএসএফ সদস্যরা বেড়া নির্মাণ অব্যহত রাখলে বিডিআর ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বিএসএফ সদস্যরা পালিয়ে গেলেও পরবর্তীতে সীমান্তে শক্তি বৃদ্ধি করে এবং বাঙ্কার নির্মাণ শুরু করে। এ উত্তেজনার প্রেক্ষাপটে বিডিআর রেড এলার্ট অব্যহত রাখে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে দুদেশের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোন রকমের সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। একই দিন দুপুরে অনুষ্ঠিত হয় ব্যাটলিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক।
পতাকা বৈঠকে অবৈধভাবে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মান নিয়ে দীর্ঘ আলোচার পর বিএসএফ বেড়া নির্মানের কাজ স্থগিত রাখার ঘোষণা দেয়।
বৈঠকে বাংলাদেশ বিডিআর ও বিএসএফের পক্ষে নের্তৃত্ব দেন যথাক্রমে ১১ রাইফেল ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল একে নেসার ও কর্নেল এসকে মাগু।
