২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে মৃতের সংখ্যা ৩০, হাসপাতালে ৯৬, এখনো ১৮০ নিখোঁজ, ২য় লিড

সাভারের বাইপাইলে বহুতল গার্মেন্টস ধ্বসের ঘটনায় দ্বিতীয় দিনের উদ্ধার তৎপরতায় আরও চারটি লাশ উদ্ধার হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2005, 06:03 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

মঙ্গলবারের এ তৎপরতায় উদ্ধারকৃত মৃতরা হচেছ সোহেল, আলীম, মিলন এবং ইলিয়াস। তাদের সবার বয়স ২৫ থেকে ৩০।

এ নিয়ে উদ্ধার কর্মীরা মোট ৩০ জনের লাশ উদ্ধার করলো।

তারা জীবিত অবস্থায় চার জনকে উদ্ধার করেছে। তবে উদ্ধারকৃত সবার অবস্থায় গুরুতর। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এরা হচেছ নূরুজ্জামান, সোহেল, পলাশ ও মিজানুর রহমান সোহাগ। এদের সকলের বয়স ২৫।

এ নিয়ে উদ্ধারকারীরা অন্তত: ৯৬ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সাভারের বিভিন্ন ক্লিনিক ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করেছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব) ঘটনাস্থলে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে। নিয়ন্ত্রণ কক্ষে এ পর্যন্ত ১৮৩ জন কর্মীর নিখোঁজ থাকার অভিযোগ জমা পড়েছে।

নিখোঁজ কর্মীদের আত্মীয়-স্বজনরা সোমবার সকাল থেকে ধ্বংসস্তুপের চারদিকে অবস্থান করছে।

রোববার মধ্যরাতে বয়লার বিস্ফোরণে রাজউকের অনুমোদন ছাড়াই ত্র“টিপূর্ণ পদ্ধতিতে নির্মিত ভবনটি ধ্বসে পড়ে। দেশের ইতিহাসের জঘন্যতম এ গার্মেন্টস দূর্ঘটনায় মহিলাসহ অসংখ্য মানুষের মৃত্যু হয়।

ঢাকা রপ্তানী প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ডিইপিজেড) কাছে নবীনগর-কালিয়াকৈর সড়কের পাশে বাইপাইল এলাকার ওই গার্মেন্টসটিতে ঘটনার সময় প্রায় ৫০০ নারী ও পুরুষ কর্মী কাজ করছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবনের ভেতরে ও ধ্বংসস্তুপের নিচে আরও অনেকে চাপা পড়ে রয়েছে। সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও দমকল বাহিনীর দেড় হাজার কর্মী তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে। তাদের সাথে কয়েক শ’ দিনমজুর কোদাল, কুড়াল ও হাতুড়ি নিয়ে উদ্ধারকার্যে অংশ নিচ্ছে।

তবে আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষণের অভাবে তাদের কাজে অগ্রগতি খুব সামান্যই হচ্ছে।

রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ মঙ্গলবার উদ্ধার কাজ পরিদর্শন করেন।