২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী সপ্তাহে ঢাকায় বাণিজ্য সচিব পর্যায়ে নেপাল-বাংলাদেশ বৈঠক

দীর্ঘ দিন পর দ্বিপাক্ষিক বাণিজ্যের বিভিন্ন অমীমাংসিত বিষয় নিয়ে বাংলাদেশ ও নেপালের মধ্যে আগামী সপ্তাহে ঢাকায় সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2005, 05:38 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মো. আবুল হোসেন বিডিনিউজকে জানান, ছয় বছর পর আগামী ২০-২১ এপ্রিল ঢাকায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

দীর্ঘ দিনের ব্যবধানে অনুষ্ঠিতব্য এ বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করা হবে।

বৈঠকে নেপালের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ভারত বাহাদুর থাপা। আর বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য সচিব সিদ্দিকুর রহমান।

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিস্তারের কৌশলই বৈঠকে প্রাধান্য পাবে বলে দূতাবাস সূত্রে জানা গেছে। দু দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে বৈঠকে সরাসরি বাস সার্ভিস চালুর প্রস্তাব আসতে পারে।

বাণিজ্যিক উদ্দেশ্যে মংলা বন্দর ব্যবহার সংক্রান্ত একটি খসড়া চুক্তি বাংলাদেশের পক্ষ হতে বৈঠকে পেশ করা হতে পারে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।