সিপিএমে নতুন নেতৃত্ব, জ্যোতি বসু ‘ছুটি’ পাননি
ভারতের সবচেয়ে বড় বামপন্থী দল সিপিএম-এ দীর্ঘ ১৫ বছর পর নেতৃত্বে পরিবর্তন এসেছে।
জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও স্বাস্থ্যের কারণে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে হরকিষেন সিং সুরজিৎকে। তার স্থলাভিষিক্ত হয়েছেন দলের দ্বিতীয় প্রজন্মের নেতা ৫৬ বছর বয়সী প্রকাশ কারাট।
প্রবীন নেতা জ্যোতি বসু স্বাস্থ্যের কারণে ছুটি চাইলেও তা গৃহীত হয়নি। এবারও দলের পলিট ব্যুরোতে তিনি সদস্য হিসেবে রয়েছেন।
সোমবার দিল্লীতে সমাপ্ত দলের ১৮তম কংগ্রেসে পার্টির ৮৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
সিপিএমে প্রথমবারের মতো সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা পলিট ব্যুরোতে একজন নারীকে সদস্য করা হয়েছে।
নতুন ওই পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাট জন্মসূত্রে বাঙালি। ভারতে নারী অধিকার আন্দোলনের নেত্রী হিসেবে তিনি বেশ পরিচিত। ব্যক্তিগত জীবনে তিনি দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রকাশ কারাটের স্ত্রী।
পলিট ব্যুরোতে জ্যোতি বসুকে রাখা সম্পর্কে দলের নতুন সাধারণ সম্পাদক প্রকাশ কারাট বিডিনিউজকে টেলিফোনে জানান, জ্যোতি বসু ও সুরজিৎ দুজনই পলিট ব্যুরো থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। কিন্তু আমরা শুনিনি।
তিনি জানান, স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসেবে নয় বরং পূর্ণ মর্যাদায় পলিট ব্যুরোতে জ্যোতি বসু থাকবেন।
