২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএনজি সংশ্লিষ্ট সকল পণ্য আমদানীর উপর করারোপের সিদ্ধান্ত

আগামী বাজেটে সিএনজি স্টেশন, কিট, সিলিন্ডার, বাস, ইঞ্জিনসহ সিএনজি সংশ্লিষ্ট সকল পণ্য আমদানীর উপর করারোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিএনজি চালিত বাস ছাড়া অন্য পণ্যগুলো এতো দিন শুল্কমুক্ত আমদানি সুবিধা ভোগ করে আসছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 04:24 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন বাজেটে শুল্কমুক্ত এবং শুল্ক আরোপ থাকা সকল সিএনজি সংশ্লিষ্ট পণ্যের উপর সাড়ে সাত শতাংশ কর বসানো হচ্ছে। বর্তমানে সিএনজি বাস আমদানির উপর সাড়ে সাত এবং সিএনজি থ্রি হুইলারের উপর ১৫ শতাংশ আমদানি শুল্ক বহাল রয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, সরকারের কর অবকাশ এবং শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহার নীতির অংশ হিসেবে এই কাজ করা হচ্ছে। ইতোমধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সরকারের এই নীতির প্রতি সমর্থন জানিয়েছে।

তবে বেসরকারি খাতের উদ্যোক্তারা সরকারের এই নীতির সমালোচনা করে বলেছেন, এখনই এটা করা ঠিক হবে না।

এ বিষয়ে জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন বিডিনিউজকে বলেন, তিনি জেনেছেন যে নতুন করে সিএনজি পণ্যগুলোর উপর করারোপ করা হচ্ছে। একই সাথে পরে পাঁচ শতাংশ রিবেট দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

উদ্যোক্তারা দাবি করেন, নতুন করে করারোপ করার কারণে এই খাতের বিকাশ বাধাগ্রস্থ হবে। বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবে।

তারা জানান, বর্তমানে একটি সিএনজি ফিলিং স্টেশন স্থাপনে এক থেকে সোয়া এক কোটি টাকা দরকার হয়। কিন্তু বিনিয়োগের তুলনায় রির্টান এখনো আকর্ষণীয় নয়। ফলে করারোপ করলে বিনিয়োগ নিরুৎসাহিত হবে।

ক্যাব এসোসিয়েশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক এবং সিএনজি বাস ও ট্যাক্সি অপারেটর গ্রীন এক্সপ্রেসের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল ইসলাম তারেক বিডিনিউজকে বলেন, সিএনজি খাতে করারোপ এই খাতের বিকাশের বর্তমান ধারাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

তিনি বলেন, পাঁচ শতাংশ রিবেট দেয়া হলে কোনো ফল হবে না। কেননা এই রিবেট ফেরত পাওয়ার পদ্ধতিগত জটিলতার কারণে বিনিয়োগকারীরা এর প্রকৃত সুবিধা পাবে না।