গোপালগঞ্জে ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা
গোপালগঞ্জের কাশিয়ানি রাজপাট কৃষি ব্যাংক শাখার সেকেন্ড অফিসার আইয়ুব হোসেন মোল্লাকে (৫৫) একদল ডাকাত গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে। রোববার রাত একটার দিকে ব্যাংকের ভিতরে এ ঘটনা ঘটে।
নিহতের বাড়ি নড়াইল জেলার কালিয়া থানার যোগানিয়া গ্রামে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, জেলা শহর থেকে প্রায় ৪০ কিমি দূরে রাজপাট বহুমুখী উচ্চবিদ্যালয় ভবনে অবস্থিত কৃষি ব্যাংকের জানালার রড ভেঙে এক দল ডাকাত ভিতরে প্রবেশ করে ও ভোল্ট ভাঙ্গার চেষ্টা করে। ব্যাংকের ভেতরে অবস্থানকারী আইয়ুব হোসেন এতে বাধা দেয়ার চেষ্টা করলে ডাকাতরা তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে।
ব্যাংকের ভোল্ট ভাঙ্গতে ব্যর্থ হয়ে পরে ডাকাত দল রাজপাট বাজারের বিভিন্ন দোকান থেকে লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
