২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দু’বছরের জন্য জাতিসংঘের বিশেষ দূত হলেন ক্লিনটন

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন নতুন আঙ্গিকে তার কর্মজীবন শুরু করতে যাচ্ছেন। আগামী দুই বছর তিনি জাতিসংঘের বিশেষ দূত হিসেবে কাজ করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 02:55 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

সুনামি আক্রান্ত দেশগুলিতে ক্ষতিগ্রস্তদের জন্য বিভিন্ন দেশ ও ব্যক্তি যে বিপুল ও অভাবনীয় আর্থিক সহায়তা দিয়েছে তার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করাই হবে তার মূল দায়িত্ব।

জাতিসংঘের সুনামি ত্রাণ তৎপরতার ডেপুটি এবং হোয়াইট হাউজে একসময় ক্লিনটনের চীফ অব স্টাফ আর্সকিন বি বাউলস বলেন, প্রলয়ঙ্করী সুনামির আঘাতে ধ্বংসপ্রাপ্ত এলাকায় উন্নত বাড়ী, স্কুল এবং হাসপাতাল নির্মাণ, দুর্যোগ ব্যবস্থাপনা সতর্কীকরণে নতুন পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট সরকার তাৎক্ষনিকভাবে যাতে কার্যকরী ব্যবস্থা নিতে পারে সে ব্যাপারে ক্লিনটন জোরালো ভূমিকা রাখবেন।

ক্লিনটন জাতিসংঘের দূত হিসেবে গত ফেব্র“য়ারিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের সাথে সুনামি দুর্গত এলাকা পরিদর্শন করেন এবং তখনই ঘোষণা দেন যে, “ক্ষতিগ্রস্ত লোকজনদেরকে আগের চেয়েও ভাল অবস্থায় ফিরিয়ে আনতে হবে।” 

আগামী বুধবার জাতিসংঘের দূত হিসেবে আনুষ্ঠানিক কাজ শুরু করবেন ক্লিনটন। ফ্রেব্র“য়ারির শুরুতে তার নতুন ভূমিকা নির্ধারিত হওয়ার পর ওই দিন তিনি প্রথমবারের মতো জাতিসংঘের মহাসচিব কফি আনানের সাথে সাক্ষাৎ করবেন।

মে মাসের শেষের দিকে তিনি ভারত মহাসাগরীয় অঞ্চলের সুনামি আক্রান্ত দেশগুলিতে এক সপ্তাহের সফরে যাবেন বলে আশা করা যাচ্ছে। পরে এ মহাবিপর্যয়ে দুর্গতদের সাহায্যে এগিয়ে আসা বিভিন্ন বেসরকারি সংস্থা এবং দাতা গোষ্ঠীর সাথে মিলিত হওয়ার জন্য ইউরোপ সফর করবেন।