চাঁদপুরে বাংলা নববর্ষকে বরণ করতে প্রশাসনসহ সবাই এক মঞ্চে
বাংলা নববর্ষ ১৪১২ বরণ উপলক্ষ্যে চাঁদপুরে এই প্রথম প্রশাসনসহ সর্বস্তরের মানুষ এক মঞ্চে মিলিত হয়ে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. তাহেরুল ইসলাম চাঁদপুর প্রেসক্লাব ও জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় এ উদ্যোগ নিয়েছেন।
বর্ষবরণ উপলক্ষ্যে আগামী ১৪ ও ১৫ এপ্রিল দু‘দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১ বৈশাখ (১৪ এপ্রিল) সকাল নয়টায় উৎসবের সূচনা হবে। চাঁদপুর প্রেসক্লাবের ব্যবস্থাপনায় সকাল নয়টা থেকে দুপুর বারটা পর্যন্ত চাঁদপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত স্থানীয় ব্যান্ডদলের পরিবেশনায় ব্যান্ড সঙ্গীত পরিবেশিত হবে।
সন্ধ্যা সাড়ে সাতটায় জেলা শিল্পকলা একাডেমী কর্তৃক পরিবেশিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত সাড়ে আটটায় কুষ্টিয়া থেকে আসা লালন পরিষদের শিল্পীদের পরিবেশনায় ‘লালনগীতি’ পরিবেশিত হবে।
এছাড়া ২ বৈশাখ সন্ধ্যা সাড়ে সাতটায় অনন্যা নাট্যগোষ্ঠির পরিবেশনায় মঞ্চস্থ হবে লোক কাহিনীভিত্তিক নাটক ‘রূপভান’।
দু‘দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে অর্থাৎ পহেলা বৈশাখ সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর ক্লাবের অনুষ্ঠানস্থলে চিড়া, দই, মিষ্টি, কলা, মুড়ি ও খই বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট ইকবাল বিন বাশার জানান, বর্ষবরণ উপলক্ষ্যে র্যাফেল ড্র-এর আয়োজনও করা হয়েছে। এতে অংশগ্রহণকারীদের জন্য আকর্ষণীয় ও মূল্যবান পুরস্কারের ব্যবস্থাও থাকবে।
