২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর মার্কেটে অগ্নিকাণ্ড, আহত ৫০

নগরীর নিউ এলিফ্যান্ট রোডে শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মহিলাসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2005, 10:19 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

অগ্নিকাণ্ডে ভবনের প্রায় ৮০ টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের সরজ্ঞাম ধ্বংস হয়ে গেছে।

সানরাইজ মার্কেটের আশে পাশের লোকজন জানায়, একটি বোমার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত ঘটে।

অন্যদিকে ফায়ার ব্রিগেড জানায়, তারা এখনও অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করছে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ধানমণ্ডির নিউ এলিফ্যান্ট রোড, ১২০৫-এর নয়তলা বিশিষ্ট সানরাইজ মার্কেটে বিকেল ৪.৪৫ মিনিটের দিকে একটি বোমা বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে। এ ছাড়াও ওই ভবনে একটি গার্মেন্ট কারখানা, একটি ব্যাংক এবং অনান্য বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। 

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা জানান, ভবনের নিচ তলায় অবস্থিত রীনা কনফেকশনারীর পিছন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

রীনা কনফেকশনারীর কর্মচারি সোহাগ জানায়, বিস্ফোরণ ঘটার সাথে সাথে ভবনের নিচতলা এবং একতলা ধোয়াচ্ছন্ন হয়ে যায়। এ সময়ে ভুমিকম্পের মতো কাঁপন অনুভূত হয়।

অগ্নিকাণ্ডের শিকার অপর ব্যবসায়ী এসএম হাবিব বলেন, আমরা ধারণা করছি এটা ছিল টাইম বোমার বিস্ফোরণ। বিস্ফোরণের সাথে সাথে সবগুলো জানালার কাচ ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায়। মার্কেটের ভিতরে এবং সামনের সড়ক কালো ধোয়ায় ছেয়ে যায়।

আগুন লাগার অল্পক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা মার্কেটের নিচতলা ও এক তলায় ছেয়ে যায়। এ সময়ে ক্রেতা ও পথচারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় রাস্তায় ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। 

আহতদের মধ্যে সোহেল খান (২৫), নাঈম (২৫), শাহীনা আক্তার (২০), শাহীন (২২), শওকত হোসেন (৫০), হাসান (২৭), ওয়াহিদুল ইসলাম (২৫), আলমগীর (২৫), কালু মিয়া (৪০), আসলাম (২৫), মোশাররফ (৩০), সিরাজ (৩০), শাকিল (১৭), মোসলেম উদ্দিন (৫০), তপন (২৮), আব্দুস সালাম (৪০), আলী আকবর (৩০) এবং সুমনের  (১৫) পরিচয় পাওয়া গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, অগ্নিকাণ্ডে আহত আরও অনেককে হাসপাতালে আনা হয়েছিল।

ঘটনার পর র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে।

ফায়ার সার্ভিস এণ্ড কন্ট্রোল বিভাগ জানায়, উদ্ধারকাজে কমপক্ষে ১৪টি টিম নিয়োজিত রয়েছে।

সাংবাদিকদের সাথে আলাপকালে ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক সেলিম নেওয়াজ বলেন, আমরা দুর্ঘটনার তিনটি কারণ সন্দেহ করেছি।

তিনি বলেন, কমপ্রেসার ও অগ্নি নির্বাপক যন্ত্রের বিস্ফোরণ অথবা সর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ড ঘটতে পারে।