সরকারি কাজে বাধা ও কর্মকর্তা বা প্রতিষ্ঠানের ওপর হামলা দৃঢ়ভাবে মোকাবিলা করতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, সরকারি কাজে বাধাদান ও কর্মকর্তা বা প্রতিষ্ঠানের ওপর কোনও হামলা হলে তা দৃঢ়তার সাথে মোকাবিলা করতে হবে। কঠোরভাবে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।
শনিবার মন্ত্রীসভা বিভাগের সম্মেলন কক্ষে তিনদিন ব্যাপী জেলাপ্রশাসক সম্মেলন উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, সকল চাপ অগ্রাহ্য করে অর্পিত সকল দায়িত্ব নিরপেক্ষ ও যথাযথভাবে পালন করতে হবে।
তিনি বলেন, চারদলীয় জোট সরকার গঠনের পর এ নিয়ে তৃতীয়বারের মতো জেলা প্রসাশক সম্মেলনের আয়োজন করা হলো।
প্রধানমন্ত্রী বলেন, গত সাড়ে তিন বছরে আমরা বাংলাদেশকে উন্নয়নের একটা স্তরে নিয়ে যেতে সক্ষম হয়েছি। মাথাপিছু আয় বেড়েছে। বেড়েছে রপ্তানি। প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স বেড়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন সর্বোচ্চ তিনশ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। বিভিন্ন দেশ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছে। যৌথ উদ্যোগে শিল্প কারখানা ও ব্যবসা বাণিজ্যের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানও গড়ে উঠেছে।
তিনি তৃণমূল পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দিয়ে প্রতিবন্ধকতা দূর করার জন্য জেলা প্রশাসকদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, উন্নয়ন বাধাগ্রস্ত হয় এমন পুরনো আইন-কানুন, রীতি পদ্ধতি সংশোধন করা হয়েছে। উন্নয়ন সহায়ক নতুন আইন ও নীতি প্রণয়ন করা হয়েছে। গত তিন বছরে ১২২টি আইন নতুনভাবে প্রণয়ন বা সংশোধন করা হয়েছে।
তিনি বলেন, সন্ত্রাস দমনে সরকার বহুমুখি কার্যকত্রম গ্রহণ করেছে। দ্রুত বিচার আইন প্রণয়নের মাধ্যমে দ্রুত বিচার আদালতে অপরাধীদের বিচারের ব্যবস্থা করা হয়েছে। জনবল বৃদ্ধি এবং আধুনিক যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে দেশের সামরিক বাহিনীকে (পুলিশ, বিডিআর, আনসার, ভিডিপি) শক্তিশশালী করা হয়েছে।
বন্যার ঝুঁকি ও ক্ষয়ক্ষতি হ্রাসের উপায় উদ্ভাবনে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত কর্মশালার সুপারিশমালা এবং সরকারের কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সার্বক্ষণিক কর্মস্থলে অবস্থান, সরেজমিন পরিদর্শন ও মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করার জন্য তিনি জেলা প্রসাশকদের আহ্বান জানান।
তিনি একবিংশ শতাব্দীর উপযোগী প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সরকারি কার্যক্রমে আধুনিক প্রযুিক্ত ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
গত সাড়ে তিন বছরে সারা দেশে বিভিন্ন ক্ষেত্রে যে ব্যাপক উন্নযন ও অগ্রগতি সাধিত হয়েছে, দেশের মানুষের কাছে তা যথাযথ ভাবে তুলে ধরতে হবে। ছাত্র-শিক্ষক, মহিলা, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, কৃষক-শ্রমিক, অসহায় নারী-পুরুষের স্বার্থ রক্ষা ও উন্নয়নে সরকার যেসব বিশেষ সুযোগ-সুবিধা দিচ্ছে, তা তাদেরকে সঠিকভাবে জানাতে হবে। এই কাজে জেলা প্রশাসকদের আরও উদ্যোগি হতে হবে।
সম্মেলনের কার্য অধিবেশনগুলোতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে গৃহীত কার্যক্রম মাঠ পর্যায়ে সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, উন্নয়ন ও কল্যাণমুখি সকল কার্যক্রমে নতুন গতি এনে তা সাফল্যমণ্ডিত করে জেলা প্রশাসকরা একটি সুখী, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
জেলা প্রশাসকদের এ সম্মেলন প্রতি বছর জানুয়ারি অথবা ফেব্র“য়ারি মাসে অনুষ্ঠিত হয়। এ বছর ওই সময় সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা থাকায় তা এ সময় অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, শিল্প মন্ত্রী মতিউর রহমান নিজামী, মন্ত্রিপরিষদ সচিব সা’দত হোসাইন, এবং সংস্থাপন সচিব।
এতে ৬৪ জন জেলা প্রশাসক এবং ছয় জন বিভাগীয় কমিশনার অংশগ্রহণ করছেন। প্রথম দিনের অধিবেশনে আজ ১৭ জন জেলা প্রশাসক ও চার জন বিভাগীয় কমিশনার বক্তব্য রাখেন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রিপরিসদ সচিব এক প্রেস ব্রিফিংয়ে জানান, স্থানীয় প্রশাসনে যারা কর্মস্থলে অনুপস্থিত থাকে, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সম্মেলনের কার্যসূচি অনুযায়ী প্রথম দিন একটি এবং ১০ ও ১১ এপ্রিল পাঁচটি করে মোট ১০টি কর্ম অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা।
