২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটা না মানায় নিয়োগ স্থগিত ঘোষণা করেছে আদালত

মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের নিয়ম অনুসরণ না করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিন ক্যাটাগরির নিয়োগ স্থগিত ঘোষণা করেছে আদালত। বৃহস্পতিবার কুষ্টিয়া সদর সহকারি জজ আদালতের সিনিয়র সহকারি জজ মাহমুদা খাতুন এ আদেশ দেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 08:55 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

আদালত সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৮১ তম সভায় সেকশন অফিসারের বিজ্ঞাপিত ৯ টি পদের স্থলে ১৬ জন, কর্মচারি ৪ জনের স্থলে ৮ জন, চিকিৎসক ৩ জনের স্থলে ৪ জনসহ বেশ কয়েকজন শিক্ষক নিয়োগ দেয়া হয়। এ সকল নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তান কোটা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। আদালত উল্লেখিত নিয়োগ স্থগিত রাখার নির্দেশ দিয়ে কেন নিয়োগকে অবৈধ ঘোষণা করা হবে না তিন দিনের মধ্যে তার কারণ দর্শাতে বিশ্ববিদ্যাল কর্তৃপক্ষকে নির্দেশ দেয়।

সদর থানা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ও বিএনপি নেতা শহীদুল হকের মেয়ে এবং কুষ্টিয়া সদর আসনের সরকার দলীয় এমপি অধ্যক্ষ সোহরাবউদ্দিনের ভাগ্নী শাম্মী আক্তার লিপি ও মুক্তিযোদ্ধা আবদুল জলিলের মেয়ে জেবুন্নাহার বাদী হয়ে গত ৫ এপ্রিল সদর সহকারি জজ আদালতে মামলা দায়ের করেন। তারা দু‘জনই সেকশন অফিসার পদে প্রার্থী ছিলেন।

বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা কমান্ডের পক্ষে আহ্বায়ক সাজেদুর রহমান এবং মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব নাসিমউদ্দিন আহমদ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ না করার অভিযোগ এনে মামলা দায়ের করেন। তিনটি মামলাতেই আসামী করা হয়েছে উপাচার্য, রেজিস্ট্রার, সিন্ডিকেট সদস্য ড. আলীনূর রহমান এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষকে।