আলোচিত রব্বানী হত্যা মামলায় ৩জনের যাবজ্জীবন ও ২জনের ৫বছরের কারাদণ্ড
চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান ও কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর (অব:) গোলাম রব্বানী হত্যা মামলার রায়ে তিন জনকে যাবজ্জীবন ও দু জনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক এম হাসান ইমাম এই রায় প্রদান করেন। এ মামলার রায়ে অপর দু আসামীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার রায়ে মোহাম্মদ সেলিম, আবদুল মালেক সোহেল ও মোহাম্মদ হাশিমকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ২৫হাজার টাকা করে জরিমানা করা হয়। মামলার প্রধান আসামী কোরিয়ান ইপিজেড’র চাকুরিচ্যুত পরিচালক ইঞ্জিনিয়ার আবু নাসের চৌধুরী ও কেইপিজেডের নিরাপত্তা কর্মকর্তা হুমায়ন কবির চৌধুরীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্তরা বর্তমানে কারাগারে আটক রয়েছে।
এই মামলায় আসামী সাইফুল ইসলাম (পলাতক) ও মনসুর আলমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলার অপর আসামী নুর হোসেনের বিচার কার্যক্রম স্থগিত থাকায় আদালত তার ব্যাপারে কোনও সিদ্ধান্ত দেয়নি।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ১১ এপ্রিল নগরীর মুরাদনগর এলাকায় তাকে ব্রাশফায়ার করা হয়। ঘটনার ১৩ দিন পর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় কেইপিজেডের সাইট ইঞ্জিনিয়ার এমতাজুল ইসলাম বাদি হয়ে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচলাইশ থানা জোনের সহকারী কমিশনার ফারুক আহমেদ ২৮ জুন চার্জশীট দাখিল করে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি এডভোকেট কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ। বাদি পক্ষের আইজীবি ছিলেন এডভোকেট আহসানুল হক হেনা এবং আসামী পক্ষের আইনজীবি ছিলেন মঞ্জুর আহমেদ আনসারি, ফেরদৌস আহমেদ এবং সালাউদ্দিন হায়দার।
আইনজীবি আহসানুল হক হেনা জানান, এই রায় যথযথ না হওয়ায় প্রকৃত আসামীরা লঘু শাস্তি পেয়েছে। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করা হবে বলে তিনি জানান।
বিশেষ পিপি কামরুল ইসলাম সাজ্জাদ বিডিনিউজকে জানান, মামলার কার্যক্রম চলাকালে রব্বানীর পরিবারের কেউ আদালতে আসেনি। তারা আদালতে কোন জবানবন্দিও দেয়নি।
এদিকে রব্বানী হত্যা মামলার তদন্ত রিপোর্টকে ‘মারাত্মক ত্র“টিপূর্ন’ বলে উল্লেখ করেন বিচারক এম হাসান ইমাম। ত্র“টিপূর্ন চার্জশীট প্রদানের দায়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী কমিশনার ফারুক আহমেদের বিরুদ্ধে আদালত শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছে। একই সাথে আদালতের রায়ের একটি কপি পুলিশের আইজির নিকট প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।
