২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য এবং সুন্দরবন এলাকার বিশাল সীমান্ত অরক্ষিত

বাংলাদেশ সীমান্তের অরক্ষিত জায়গাগুলো নিয়ন্ত্রণ এবং সেখানে বিডিআর মোতায়েন করার ব্যাপারে সরকার প্রায় ৫ বছর আগে নীতিগতভাবে সিদ্ধান্ত নিলেও এখনো তা কার্যকর হয়নি।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 02:30 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

সূত্রগুলো জানায় দেশের পার্বত্য চট্রগ্রাম সীমান্তের প্রায় ৫শ কিলোমিটার এবং সুন্দরবনের ৬০ কিলোমিটার এলাকা অরক্ষিত রয়েছে। এলাকাগুলোতে বিডিআর মোতায়েনের সিদ্ধান্ত বাস্তবায়িত না হওয়ায় সেখানে বাংলাদেশের কোন কার্যকর  নিয়ন্ত্রণ নেই।

বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রয়েছে প্রায় ৪ হাজার কিলোমিটার এলাকা জুড়ে। যার মধ্যে পার্বত্য দুই জেলা খাগড়াছড়ি ও বান্দরবানের ৪শ ৭৯ কিলোমিটার এবং সুন্দরবনের ৬০ কিলোমিটার চিহ্নিত সীমান্ত এলাকায় বিডিআর কখনও মোতায়েন করা হয়নি।

এদিকে, ভারত ঐ এলাকাগুলোতে বিচ্ছিন্নতাবাদী জঙ্গী গোষ্ঠীর তৎপরতা রয়েছে বলে বাংলাদেশের কাছে বারবার অভিযোগ করে আসছে। অবশ্য বাংলাদেশ ঐ অভিযোগ সবসময় অস্বীকার করছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দু’দশকের বেশী সময় ধরে পার্বত্য এলাকায় উপজাতিদের সঙ্গে সেনাবাহিনীর সশস্ত্র সংগ্রাম চলছে, সে কারণে ঐ এলাকায় সেনাবাহিনীর বাইরে অন্য কোন বাহিনী মোতায়েন করা হয়নি।

শান্তি চুক্তির পর সেনাবাহিনী পর্যায়ক্রমে ক্যান্টনমেন্টে চলে আসছে। পার্বত্য দুই জেলা এবং সুন্দর বনের অরক্ষিত এলাকায় বিডিআরকে স্থায়ীভাবে নিয়োজিত করার যে সিদ্ধান্ত সরকার ২০০০ সালে নীতিগত ভাবে নিয়েছিল এখন তা দ্রুত কার্যকর করা প্রয়োজন বলে সরকার সংশ্লিষ্ট মহল জানায়।