পঞ্চগড়ে তিনটি মাদ্রাসার এমপিও বাতিল
জেলার ৩টি মাদ্রাসার এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) বাতিল করা হয়েছে। একাধিকবার সতর্ক করার পরও পর পর দু’বছর এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাশ না করায় সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় এমপিও বাতিলের সিদ্ধান্ত নেয়।
পঞ্চগড় সদর উপজেলার আমলাহার, ছেপড়াঝড় এবং বোদা উপজেলার শিকারপুর কাজিপাড়া দাখিল মাদ্রাসায় ২০০৩ এবং ২০০৪ সালের দাখিল পরীক্ষায় কোন পরীক্ষার্থী পাস করেনি। একটি সূত্র জানায়, ডোনেশন নিয়ে নিচু মানের শিক্ষক নিয়োগই ফলাফল খারাপ হওয়ার আসল কারন।
এদিকে এমপিও বাতিল হওয়ায় মাদ্রাসাগুলোর প্রায় ৫০ জন শিক্ষক-কর্মচারী বেতন না পেয়ে পরিবার পরিজন নিয়ে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছে।
