২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক মাসের বিদেশ সফর শেষে শেখ হাসিনা দেশে ফিরেছেন

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এক মাসের বিদেশ সফর শেষে বুধবার গভীর রাতে দেশে ফিরছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 01:15 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

ম্যানিলায় কর্মসূচি শেষে ড্রাগন এয়ারওয়েজের ফ্লাইটে ( আইজিএ ১১০) রাত ১ টায় তিনি ঢাকা পৌঁছেন। 

এ সময় দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, জিল্লুর রহমান, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, শেখ সেলিমসহ শীর্ষ স্থানীয় নেতাকর্মী ও অসংখ্য শুভাকাঙ্খি শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানান।

আওয়ামী লীগ সভানেত্রী মাদ্রিদে অনুষ্ঠিত সাবেক সরকার ও রাষ্ট্র প্রধানদের সন্ত্রাস বিরোধী একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গত ৭ মার্চ ঢাকা ত্যাগ করেন।

মাদ্রিদ সম্মেলন শেষে তিনি কানের চিকিৎসার জন্যে আমেরিকা যান।

গত ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সময় বিষ্ফোরণের বিকট শব্দে তার কান ক্ষতিগ্রস্ত হয়।

পরে ম্যানিলায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তিনি লন্ডন হয়ে ফিলিপাইন যান।