সিলেট মেডিকেল কলেজে ইন্টার্নী চিকিৎসকদের দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন (আপডেট)
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নী চিকিৎসকরা বুধবার দ্বিতীয় দিনের মত কর্মবিরতি পালন করেছে। এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট অপ্রীতিকর ঘটনার প্রেক্ষাপটে ইন্টার্নী চিকিৎসকরা মঙ্গলবার থেকে কর্মবিরতি শুরু করে।
কর্মবিরতি কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ইন্টার্নী চিকিৎসকরা হাসপাতাল চত্তরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। ধর্মঘট চলাকালে ইন্টার্নী চিকিৎসকদের সাথে হাসপাতাল পরিচালকের দু ঘন্টা বৈঠক অনুষ্ঠিত হলেও তা ফলপ্রসূ হয়নি।
সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ইন্টার্নী চিকিৎসকরা এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা দেন, তাদের ৮ দফা দাবি মানা না হলে অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাওয়া হবে। তারা হাসপাতালের পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করে।
অন্যদিকে জরুরী চিকিৎসার জন্য ইন্টার্নী চিকিৎসকরা ৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কিন্তু তারা ওয়ার্ড কিংবা ইউনিটে কোনও দায়িত্ব পালন করবে না।
সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় ছাতকের ধারণ গ্রামের আবুল খায়ের (২৫) আহত হলে তাকে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিন রাত ১০ টায় তাকে দেখতে আসা আত্মীয়স্বজনরা অভিযোগ করেন খায়েরকে একসাথে পাঁচটি ইঞ্জেকশন দেওয়ায় তার মৃত্যু ঘটে।
এ ঘটনায় ইন্টার্নী চিকিৎসকরা বাকবিতণ্ডার এক পর্যায়ে নিহত খায়েরের আত্মীয় স্বজনদের ভোর ৪টা পর্যন্ত আটকে রাখে। ভোরে হাসপাতালের ডিডিসহ বিএমএ নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে। পরেরদিন থেকেই ইন্টার্নী চিকিৎসকরা অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি ঘোষণা করে।
এ ঘটনায় ওসমানী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান ডা: মীর মাহবুবুল আলমকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
