অপহরণের ২৪ দিন পর চুয়াডাঙ্গা থেকে পরিবারের সদস্যসহ ঢাকার ঔষধ ব্যবসায়ী উদ্ধার
দীর্ঘ ২৪ দিন পর মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার খাজুরা গ্রামের বিএনপি নেতার বাড়ি থেকে পুলিশ ও গ্রামবাসীদের সহযোগিতায় উদ্ধার করা হয় ঢাকার এক ঔষধ ব্যবসায়ি ও তার পরিবারের অপর চার সদস্যকে।
এই ঘটনার সাথে জড়িত স্থানীয় বিএনপি নেতা আবদুর রাজ্জাক বাবুলকে গ্রেফতার করা হলেও তার বিরুদ্ধে মামলা করার কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
পুলিশ সূত্র জানায়, ঝিনাইদহ সদর উপজেলার আসাদুল হক মামুন এবং বাবুল দুবাইতে লোক পাঠানোর জন্য হোসাইন আহমেদের কাছে বিপুল পরিমান টাকা দিলে তিনি প্রতারণা করে সৌদি পাড়ি জমায়। তারই জের ধরে ১২ মার্চ হোসাইনের ভগ্নিপতি ঔষধ ব্যবসায়ী আবুল বাশার, তার স্ত্রী মাহমুদা বেগম, দু শিশু সন্তান ও কাজের মেয়েকে কৌশলে মামুন তার মিরপুরস্থ অফিসে আটক করে রাখে। পরে বাবুলের খাজুরা গ্রামের বাড়িতে তাদের বন্দী করে রাখে। গ্রামবাসীদর মধ্যে বিষয়টি জানাজানি হয়ে গেলে পুলিশ মঙ্গলবার রাতে তাদের উদ্ধার করে।
আটকের পর আবদুর রাজ্জাক বাবুলের বিরুদ্ধে কোন আইনগত পদক্ষেপ না নেওয়ার ব্যাপারে সদর থানার সেকেন্ড অফিসার এসআই হায়দার জানান, বাশার ও তার পরিবারকে ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে অপহরণ করা হয়, তাই সংশ্লিষ্ট থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হবে। চুয়াডাঙ্গা সদর থানায় বাবুলের বিরুদ্ধে ৫৪ ধারায় একটি মামলা দায়ের করা হবে।
