ঢাকায় বাবা ও ভাইয়ের হাতে যুবক খুন
রাজধানীর শ্যামপুর এলাকায় বাবা ও ছোট ভাইয়ের হাতে নৃশংসভাবে খুন হয়েছে এক যুবক। নিহতের নাম জহিরুদ্দিন শামীম (৩৫)। ঘাতক পিতার নাম শহীদুল্লাহ ও ছোট ভাইয়ের নাম বাবু। তাদের বাড়ি শ্যামপুর থানার জুরাইনের আলমবাগে ।
পুলিশ জানায়, সোমবার রাতে পিতা ও ছোট ভাই মিলে জহিরকে স্ত্রী ও শিশু সন্তানের সামনে লাঠি ও রড দিয়ে পেটায়। জহির অচেতন হয়ে পড়লে তাকে চিকিৎসার পরিবর্তে ঘরে ফেলে রাখে।
নিষ্ঠুর এই হত্যাকান্ডে শত শত লোক এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। এলাকাবাসীর বিক্ষোভের মুখে পুলিশ শহীদুল্লাহকে গ্রেপ্তার করেছে। কিন্তু বাবু এ রিপোর্ট লেখা পর্যন্ত পলাতক রয়েছে।
নিহতের প্রতিবেশী ও এলাকাবাসীকে উদ্ধৃত করে পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জের ধরে এই হত্যাকান্ড ঘটে।
প্রতিবেশী আবদুর রহিম জহিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। মঙ্গলবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে রহিম আবার জহিরকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে সে মারা যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী তার শ্বশুর শহীদুল্লাহ ও দেবর বাবুর বিরুদ্ধে শ্যামপুর থানায় হত্যা মামলা দায়ের করেছে।
ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
