২০০২ সাল থেকে দেশে শিশু নির্যাতন বেড়ে গেছে
শিশু অধিকার রক্ষায় সোচ্চার বিভিন্ন এনজিও’দের সংগঠন ‘শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক অ্যাকশন কমিটি’ বলেছে ২০০২ সালের দিকে দেশে শিশু নির্যাতনের ঘটনা ব্যাপকভাবে বেড়ে যায় এবং তাদের জানামতে ২০০৪ সালে শিশু অধিকার লঙ্ঘনের মোট ৫৩৮৪ টি ঘটনা ঘটেছে ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে আজ বুধবার তারা উল্লেখ করে শিশু নির্যাতন-হত্যা এদেশে নতুন কোনো ঘটনা নয়।
পত্র-পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে পরিচালিত এক পরিসংখ্যানে তারা উল্লেখ করে ২০০২ সালে দেশে মোট ৫৭৮ জন শিশু খুন হয়েছে, অপহৃত হয়েছে ৮৬ জন, ধর্ষণের শিকার হয়েছে ৫৬৫ জন শিশু।
বাংলাদেশ শিশু অধিকার ফোরামের সরবরাহকৃত তথ্যমতে জানুয়ারি থেকে ডিসেম্বর ২০০৪ এর পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে গত বছর দেশে ২৬৮ জন শিশুকে হত্যা করা হয়েছে, শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে ২০৩ জনকে, ধর্ষিত হয়েছে ৩২৭ জন শিশু। এছাড়াও ২০০৪ সালে বিভিন্নভাবে শিশু অধিকার লঙ্ঘনের মোট ৫৩৮৪ টি ঘটনা ঘটেছে। গৃহে কর্মরত শিশুরা প্রতিনিয়তই এ ধরণের অত্যাচার-নির্যাতনের শিকার হয় বলে তারা জানান।
২০০২ সালের আগস্ট মাসে শিশু অধিকার রক্ষায় সোচ্চার ১১ টি এনজিও একত্রিত হয়ে গঠন করে ‘শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক অ্যাকশন কমিটি। এই অ্যাকশন কমিটি শিশু নির্যাতন-হত্যাসহ শিশু অধিকার লক্স ঘনের যে কোনো ঘটনায় সম্মিলিতভাবে তাৎক্ষণিক প্রতিবাদ জানায় এবং প্রয়োজনীয় কর্মসূচী গ্রহণ করে, বলে সংবাদ সম্মেলনে তারা উল্লেক করে।
সংবাদ সম্মেলনে তারা শিশু নির্যাতন বন্ধে শিশু আইনের সংশোধন এবং যথাযথ প্রয়োগের দাবি দাবি জানায়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের খুরশিদ এরফান আহমেদ, গীতা আহমেদ, ইনসিডিন বাংলাদেশের নাসিমুল হাসান দিপু, অপরাজেয় বাংলাদেশের শাহনাজ বেগম, ব্রেকিং দ্যা সাইলেন্সের রোকেয়া মান্নান প্রমুখ।
