২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানির দক্ষ ব্যবহারে আইন প্রণয়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা

জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত করতে এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে আইন প্রণয়ন এবং ভারতের আদলে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 05:53 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

তারা বলেন, জ্বালানির দক্ষ ব্যবহার এবং নবায়নযোগ্য জ্বালানি কাজে লাগানোর ক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। এই খাতের সত্যিকার উন্নয়নের জন্যে আমলাতন্ত্রের বাইরে রেখে একটি পাবলিক লিমিটেড কোম্পানি গড়ে তোলা প্রয়োজন।

বিশেষজ্ঞরা বলেন, “জাতীয় জ্বালানি নীতি অনুসারে রিনিয়েবল এনার্জি ডেভলপমেন্ট এজেন্সিজ (র‌্যাডো) বা সাসটেনেবল এনার্জি ডেভলপমেন্ট এজেন্সিজ (সাডা) নাম যাই হোক না কেন এই খাতের প্রকৃত উন্নয়ন চাইলে একটি পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করতে হবে। কেবলমাত্র একটি প্রকল্প হিসাবে গ্রহণ করে কোনো ফল পাওয়া যাবে না।

‘ন্যাশনাল কনসালটেশন ওয়ার্কশপ অন ফরমুলেশন অব সাসটেনেবল এনার্জি প্রোগ্রাম’  শীর্ষক এক কর্মশালায় মঙ্গলবার বিশেষজ্ঞরা এই মতামত দিয়েছেন।

বিদ্যুৎ বিভাগের সাসটেনেবল এনার্জি ইউনিট এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।  স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত এই কর্মশালায় দেশী বিদেশী বিশেষজ্ঞরা অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, প্রতিবেশি দেশ ভারত যেখানে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে ৩৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে সেখানে আমরা উৎপাদন করছি মাত্র ১৮০০ কিলোওয়াট।

এ হতাশার চিত্র থেকে বেরিয়ে আসার জন্যে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “সরকার ইতোমধ্যে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা এবং সাসটেনেবল এনার্জি ডেভলপমেন্ট এজেন্সিজ গঠনের বিষয় চূড়ান্ত করেছে। কিন্তু সরকারকে দিয়ে এর বাস্তবায়ন সম্ভব নয়। এই কাজের দায়িত্ব নিতে হবে বেসরকারি খাতকে।”

বিদ্যুৎ সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের সচিব আক্তার হোসেন খান ও ইউএনডিপি‘র কান্ট্রি রিপ্রেজেন্টিটিভ জোর্গান লিসনার।

কর্মসূচির উপর প্রবন্ধ পেশ করেন ইউএনডিপির সহকারী কান্ট্রি রিপ্রেজেন্টটিভ শিরিন কামাল সাঈদ, ইউএনডিপি‘র সাসটেনেবল এনার্জি এডভাইজার কমল রিজাল, সাসটেনেবল এনার্জি ইউনিটের সুবির নাথন এবং পাওয়ার সেলের পরিচালক বিডি রহমত উল্লাহ। 

ইকবাল হাসান মাহমুদ বলেন, হোমওয়ার্ক না করে বিদেশী বিনিয়োগ আকর্ষণের পেছনে ছুটলে তা থেকে আমাদের কোনো কল্যাণে আসবে না। তিনি বলেন, আইপিপি করে দেশের বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা হলেও হোম ওয়ার্ক না থাকার কারণে এর দাম পরিশোধের বৈদেশিক মুদ্রার জোগান দিতে দেশকে হিমসিম খেতে হচ্ছে।

লিজনার তার নিজ দেশ ডেনমার্কের কথা উল্লেখ করে বলেন, এক সময় মনে করা হতো ছোট ছোট উইন্ড পাওয়ার দেশের চাহিদা মেটাতে কি আর ভূমিকা রাখবে। কিন্তু আজ দেশের মোট বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশের জোগান আসছে উইন্ড থেকে। তিনি বলেন, বাংলাদেশেও এই ছোট ছোট বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা একদিন সার্বিক চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখবে।

পরিকল্পনা সচিব আখতার হোসেন খান বলেন, দেশের পুরো বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্যে এখন আমাদের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিষয় নিয়ে কাজ শুরু করার সময় এসেছে।

কমল রিজাল তার উপস্থাপনায় জ্বালানির দক্ষ ব্যবহার এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের কথা তুলে ধরে বলেন ১৯৯৬ সাল থেকে এই খাতে ইউএনডিপি ১৫৯টি দেশে ১ দশমিক ৯৬ বিলিয়ন মার্কিন ডলারের ৩৭৪টি প্রকল্প গ্রহণ করেছে। তিনি বলেন, বিশ্বের ২ বিলিয়ন মানুষ এখনো বাণিজ্যিক জ্বালানি সুবিধার বাইরে। জাতিসংঘের মিলিনিয় ডেভলপমেন্ট গোল (এমডিজি) অর্জন করতে হলে সবার জন্যে জ্বালানি সুবিধা নিশ্চিত করার কোনো বিকল্প নেই।

শিরিন কামাল সাঈদ বলেন, এখন কেবলমাত্র নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ানো নয়, একই সাথে জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত করতে হবে। এই জন্যে তিনি র‌্যাডোর বদলে সাসটেনেবল এনার্জি ডেভলপমেন্ট এজেন্সি- সাডা গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন।

সুবির নাথন, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার প্রসঙ্গে বলেন, ইতোমধ্যে সোলার হোম সিস্টেম স্থাপনের ক্ষেত্রে এখানে ভালো সাড়া মিলেছে। এখন বায়োমাস এর বিকাশে জোর দেয়া দরকার। তিনি মনে করেন কেবলমাত্র মুরগি খামারের বর্জ্য ব্যবহার করে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

বিডি রহমত উল্লাহ বলেন, বর্তমানে বাংলাদেশে সোলার থেকে ২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ আসছে। অন্যদিকে উইন্ড থেকে আরো ২ মেগাওয়াট বিদ্যুৎ আসবে যা বর্তমানে নির্মণাধীন। তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে ২০১০ সাল নাগাদ মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানি অবদান ৫ শতাংশ এবং ২০২০ তে এই পরিমাণ ১০ শতাংশে নিয়ে যাওয়া। সঠিক নীতি গ্রহণ এবং এর বাস্তবায়নের মাধ্যমে এই লক্ষ্য অর্জন করা সম্ভব।