২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে উচ্চ মূল্য দিয়েও কৃষকরা পাট বীজ পাচ্ছে না

উচ্চ মুল্য দিয়েও পঞ্চগড় জেলায় কৃষকরা ভাল পাট-বীজ পাচ্ছেনা। এ সুযোগে কিছু অসাধু ব্যবাসায়ী জেলার বিভিন্ন হাট-বাজার পুরাতন ও ভারতীয় নিম্নমানের পাট বীজ বিক্রয় করে কৃষকদের সাথে প্রতারনা করছে। এ কারণে এবার পঞ্চগড়ে পাটের আবাদ কম হওয়ার আশঙ্কা রয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 03:15 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

স্থানীয় কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, এবার জেলায় ৫ হাজার ৬শ ৪০ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে দেশী জাতের ২ হাজার ৮শ ৫০ হেক্টর ও তোষা জাতের ২ হাজার ৭শ ৯০ হেক্টর। প্রতি হেক্টর জমিতে ১০ কেজি হিসেবে বীজের প্রয়োজন ছিল ৫৬ দশমিক ৪০ মেট্রিকটন। কিন্তু বীজ বরাদ্দ পাওয়া গেছে মাত্র ২ দশমিক ৪২০ মেট্রিকটন। স্থানীয় বিএডিসি’র ভারপ্রাপ্ত সিনিয়র সহকারী পরিচালক কেএম ফরহাদ আলম এ ব্যাপারে জানান, প্রাপ্ত সামান্য পাট বীজ কৃষি বিভাগের সহায়তায় বিতরন করা হয়েছে। বর্তমানে কৃষকরা বীজের জন্য প্রতিদিন স্থানীয় কৃষি অফিসে ধর্ণা দিচ্ছে।

বাজারে ভারত থেকে আমদানীকৃত তোষা-৫২৪ জাতের বীজ ২ কেজির প্যাকেট পাইকারী ৫শ ২০ টাকা দরে এবং খুচরা কেজি প্রতি ৩শ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে এমন উচ্চ মুল্যে বীজ নিতে এসেও গত রোববার (৩ এপ্রিল) বিভিন্ন বাজারে অনেক কৃষককে বীজ না পেয়ে ফিরে যেতে দেখা গেছে। দেশি পাটের বীজ বিক্রয় হচ্ছে কেজি প্রতি ১শ ৫০ টাকা দরে। এদিকে বিএডিসি ডিলারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এবার কোন বীজ বরাদ্দ পাননি। বীজের চাহিদা তীব্র হওয়ায় বন্টনে ঝামেলা হতে পারে, এমন আশঙ্কায় কেউ কেউ সামান্য পরিমান বরাদ্দ পেলেও তা উত্তোলন করেনি। পঞ্চগড় বাজারের বিএডিসি ডিলার আজাহার আলী রাজু জানান, বিএডিসি বর্তমান মওসুমে তাদের কোন পাট-বীজ বরাদ্দ দেয়নি। বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বর্ষা মওসুমে অতিরিক্ত বন্যার কারণে দেশী পাট-বীজের অংকুরোদগম কমে গেছে। এ জন্য এবার পাটের ফলন কম হওয়ার আশঙ্কা রয়েছে। বেশি ফলনের আশায় অনেক কৃষক ভারতীয় পাট বীজ ক্রয় করলেও কিছু অসাধূ ব্যবসায়ী এ সুযোগে পুরাতন ও ভারতীয় নিম্নমানের পাট-বীজ কৌশলে বিক্রয় করছে। এসব কারণে এবার জেলায় পাটের আবাদ কম হওয়ার আশঙ্কা রয়েছে।