বিটিটিবিকে বেশি সুবিধা দিচ্ছে বিটিআরসি: বেসরকারি অপারেটরদের অভিযোগ
দেশের বেসরকারি মোবাইল অপারেটররা অভিযোগ করেছেন যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) আন্তঃসংযোগ সংক্রান্ত নিয়ম নীতি লংঘন করে বিটিটিবিকে অপেক্ষাকৃত বেশি সুবিধা দিচ্ছে।
চারটি বেসরকারি মোবাইল ফোন সংস্থা দাবি করেছে যে তাদের লাখ লাখ গ্রাহক বিনা পয়সায় টিএন্ডটি ইনকামিং’র সুবিধা থেকে বঞ্চিত হবে। অথচ বিটিটিবি’র মোবাইল ফোনে বিনা পয়সায় ইনকামিং কল রিসিভ করা যাবে।
গ্রামীন ফোনের কর্পোরেট এ্যাফেয়ার্সের পরিচালক খালেদ হাসান সোমবার বিডিনিউজকে জানান, তাদের ত্রিশ লাখ গ্রাহকের মধ্যে মাত্র ১লাখ ২৫ হাজার গ্রাহকের টিএন্ডটি সংযোগ সুবিধা রয়েছে।
বিটিআরসি কর্তৃপক্ষ আন্তঃসংযোগের অপ্রতুলতার কথা বলে বেসরকারি মোবাইল অপারেটরদের পর্যাপ্ত আন্তঃসংযোগ সুবিধা দেয়নি। অথচ বিটিআরসি এখন বিটিটিবি’র মোবাইল ফোনে টিএন্ডটি’র আন্তঃসংযোগ সুবিধা দিচ্ছে। শুধু তাই নয় বিটিটিবি’র মোবাইল ফোনের গ্রাহকরা বিনা পয়সায়ও ইনকামিং কল রিসিভ করতে পারে। এই বিষয়টিকে বিটিআরসি আন্তঃসংযোগ নিয়মনীতি লংঘনের কারণ হিসেবে চিহ্নিত করেন।
খালেদ হাসান বলেন, “এটা পুরোটাই বৈষম্য।” তিনি আরও বলেন, আমরাও আমাদের গ্রাহকদের বিটিটিবি’র মোবাইল ফোনের মতো সুবিধা প্রদান করতে চাই।
যদি বিটিআরসি আন্তঃসংযোগ প্রদানের ক্ষেত্রে অন্যান্য বেসরকারি মোবাইল ফোন অপারেটরকে বিটিটিবি মোবাইল ফোনের মতো পিএসটিএন সুবিধা না দেয় তাহলে গ্রামীণ ফোন বিটিটিবি’র সাথে আন্তঃসংযোগ সংক্রান্ত কোন চুক্তি স্বাক্ষর করবে না বলে তিনি জানান।
বিটিটিবি মোবাইল ফোনের মতো বিনা পয়সায় টিএন্ডটি সংযোগের সুবিধা না পেলে কোনও বেসরকারি মোবাইল ফোন কোম্পানি তাদের গ্রাহকদের কম কল চার্জের সুবিধা দিতে পারবে না বলে খালেদ হাসান জানান। তবে তিনি আশা করেন, বিটিআরসি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় দ্রুত এমন কোন পদক্ষেপ গ্রহণ করবেন যাতে বিটিটিবি ছাড়া অন্যরাও সুবিধাভোগ করতে পারে।
তিনি বলেন তারা মন্ত্রণালয়, বিটিআরসি ও বিটিটিবির সাথে দু বার বৈঠক করেছেন এবং আগামী সপ্তাহে আবার বৈঠক করবেন।
সিটিসেল মোবাইলের অপারেটর প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইন্তেখাব মাহমুদ বলেন, যেভাবে অন্যান্য মোবাইল ফোন কোম্পানিদের মধ্যে আন্তঃসংযোগ সংক্রান্ত চুক্তি রয়েছে ঠিক সেভাবেই বিটিটিবি বা টেলিটককে এগিয়ে আসতে হবে।
এদিকে বিটিটিবি মোবাইল ফোন কর্তৃপক্ষ বেসরকারি মোবাইল অপারেটরদের কাছ থেকে সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন। তারা বলেন বেসরকারি মোবাইল ফোন অপারেটররা তাদের কাছে অযৌক্তিক দাবি তুলেছে।
তিনি বলেন বেসরকারি অপারেটররা বিটিটিবি’র কাছে টিএন্ডটি মোবাইল ফোন ও ল্যান্ড ফোন থেকে ইনকামিং কলের ওপর ৯০ পয়সা চার্জ আরোপের প্রস্তাব করেছে। শুধু তাই নয় বেসরকারি অপারেটররা বিনা মূল্যে বিটিটিবি’র ট্রান্সমিশন ও পোর্ট সুবিধাও পেতে চাইছে।
