রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নী ডাক্তারদের কর্মবিরতি দ্বিতীয় দিনেও অব্যাহত
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নী ডাক্তারদের কর্মবিরতি দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। বকেয়া বেতনভাতা ও বর্ধিত ভাতার দাবিতে ৪০তম ব্যাচের ডাক্তাররা গত রোববার থেকে এই ধর্মঘট শুরু করে।
সোমবার সকালে ধর্মঘটকারী ৪০তম ব্যাচের সঙ্গে ৩৯তম ব্যাচের ইন্টার্নী ডাক্তাররাও যোগ দেন।
৪০তম ব্যাচের একশ ৬০জন ইন্টার্নী ডাক্তার চার মাস ধরে তাদের বেতনভাতা পাচ্ছেন না। আর ৩৯তম ব্যাচের একশ ৫০জন ইন্টার্নী ডাক্তার তাদের বর্ধিত ভাতা পাচ্ছেন না।
ইন্টার্নী ডাক্তারদের এই কর্মবিরতির ফলে মেডিকেলে চিকিৎসা ব্যবস্থা অনেকাংশেই ভেঙে পড়েছে। এদিকে, হাসপাতালের পরিচালক এ সমস্যা সমাধানের লক্ষ্যে ঢাকায় রয়েছেন বলে জানা গেছে।
আগামী ৫ এপ্রিল ইন্টার্নী ডাক্তাররা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলন করবে বলে জানায়।
