২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ‘ক্রসফায়ারে’ ২ চরমপন্থী নিহত

জেলার দহকুলা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের কথিত সামরিক শাখার দুই ক্যাডার ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছে। সোমবার ভোরে এ ঘটনায় পুলিশের একজন সাব ইন্সপেক্টর এবং একজন আনসার সদস্য গুলিবিদ্ধ হন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 06:14 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

নিহত আনিসুর রহমান আনিস (৩২) ও বাবর আলীর (৩৫) লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটারগান, চার রাউন্ড তাজা গুলি এবং চার রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

পুলিশ জানায়, নিহতরা এলাকার তালিকাভূক্ত সন্ত্রাসী।

কুষ্টিয়ার ডিবি পুলিশ রোববার আলমপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ওই দিনই গভীর রাতে সদর থানা ও ডিবি পুলিশের দুটি টিম দহকুলা এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযানে যায়।

পুলিশ জানায়, দহকুলা গ্রামে পৌঁছুলে ভোর চারটার দিকে গণমুক্তি ফৌজের ক্যাডাররা আনিস ও বাবরকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা ৩১ রাউন্ড গুলি ছোঁড়ে। দু পক্ষের মধ্যে আধঘন্টার এ বন্দুকযুদ্ধ চলার সময় পুলিশ হেফাজত থেকে পালিয়ে আত্মরক্ষার চেষ্টা করলে দু জনের মৃত্যু হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ক্রসফায়ারে নিহত আনিস সদর উপজেলার আলাপুর গ্রামের জালাল মালিথা ওরফে মন্ডলের ছেলে। অন্যজন গণমুক্তিফৌজের স্থানীয় পর্যায়ের। দু জনের নামেই অন্তত আধা ডজন করে মামলা রয়েছে।