আঞ্চলিক সহযোগিতায় নেপালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে
সার্ক কনসোর্টিয়ামের সাম্প্রতিক এক বৈঠকে নেপালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সার্কের সদস্যভুক্ত দেশগুলোর সহযোগিতায় এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। একজন উচ্চপদস্থ কর্মকর্তা এ খবর জানিয়েছেন।
নেপালের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য সচিব ড. হোমনাথ ভাট্টারি বলেন, সার্ক কনসোর্টিয়ামের বোর্ড অব গভর্নেসের সভায় এ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
সভায় বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের সদস্যরা নেপালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে তাদের সহযোগিতার কথা জানায়।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে নেপাল, ভূটান এবং মালদ্বীপে কোনও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নেই।
